পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ের শিক্ষাব্যবস্থা গণমুখী হতে পারছে না। এ কারণে অসহায় মেহনতি মানুষের ছেলেমেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। তাঁর দাবি, পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের নামে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এখানে বিশেষ শাসনব্যবস্থা চলমান থাকায় শিক্ষা দুর্নীতিগ্রস্ত খাতে পরিণত হয়েছে।
গতকাল সোমবার সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের শিজক কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন সন্তু লারমা।
জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা অভিযোগ করেন, শাসকগোষ্ঠীর ইন্ধনে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন পাস করা হচ্ছে না। আঞ্চলিক পরিষদ এখনো তার দায়িত্ব ক্ষমতা নিয়ে প্রতিষ্ঠিত হতে পারেনি। পরিষদ কঠিন এক বাস্তবতার মুখোমুখি। পার্বত্য অঞ্চলের সামগ্রিক জীবনধারায় ভূমিকা রাখতে পারছে না পরিষদ।
শিজক কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সুভাষ দত্ত চাকমা। বক্তব্য দেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা, শিজকমুখ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞানময় চাকমা, সারোয়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তুষার কান্তি চাকমা, শিজক কলেজের শিক্ষক মিজানুর রহমান, কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অন্তর চাকমা প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা ও নারী ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।