মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব দেবে সংসদীয় কমিটি
পার্বত্য চট্টগ্রামে এনজিও কার্যক্রমে নজরদারি বাড়ানোর সুপারিশ
পার্বত্য চট্টগ্রামে কর্মরত সব বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ওই সুপারিশ করা হয়।সভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘পার্বত্য চট্টগ্রাম ও আদিবাসীবিষয়ক মন্ত্রণালয়’ করা কিংবা বর্তমান নাম রেখেই মন্ত্রণালয়ে আদিবাসীবিষয়ক একটি বিভাগ স্থাপনের সুপারিশ করা হয়। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের প্রয়োজনীয়তা উল্লেখ করে ভূমি জরিপের আগে ভূমি বিরোধ নিষ্পত্তি, জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদের নির্বাচন, ভূমি কমিশন আইন সংশোধন, নিয়মিতভাবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠান, লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের প্রশিক্ষণসহ সরকারি কর্মকর্তাদের বিভিন্ন মৌলিক প্রশিক্ষণে পার্বত্য চট্টগ্রাম চুক্তি অন্তর্ভুক্ত করা ও মন্ত্রণালয়ের বাজেট বৃদ্ধির সুপারিশ করা হয়।সভায় চট্টগ্রাম-কাপ্তাই, চট্টগ্রাম-রাঙামাটি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি রাস্তা প্রশস্ত করতে যোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির আগামী বৈঠকে সংবিধানে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং পার্বত্য চট্টগ্রামের শিক্ষা কার্যক্রম বিষয়ে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার সভায় জানান, আগামী ২৬ তারিখ রোববার খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হবে। আগামী ২৭, ২৮ ও ২৯ তারিখ খাগড়াছড়িতে ভূমি কমিশন ভূমি বিরোধ নিষ্পত্তির আবেদন সম্পর্কে শুনানি করবে। রাঙামাটি ও বান্দরবান জেলায় ওই বিষয়ে শুনানির তারিখ এর পরই নির্ধারণ করা হবে।কমিটির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্বত্য এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারকাজে বিঘ্ন ঘটানো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে। সভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, মওদুদ আহমদ, ফজলে করিম চৌধুরী, এথিন রাখাইন, যতীন্দ্র লাল ত্রিপুরা, গিয়াস উদ্দিন আহমেদ এবং কে এম খালিদ অংশ নেন। বিএনপিদলীয় সাংসদ মওদুদ আহমদ গতকালই প্রথম সংসদীয় কমিটির সভায় উপস্থিত ছিলেন।এ ছাড়া কমিটির আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল ও তথ্য কমিশনার সাদেকা হালিম, রাঙামাটির প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, বরকল উপজেলা চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা, বান্দরবানের সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান হ্লা থোয়াই হ্রী, খাগড়াছড়ির সাংবাদিক চৌধুরী আতাউর রহমান ও সিন্ধুকছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুইনু প্রু চৌধুরী যোগ দেন। কমিটি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে এঁদের মতামত নেয় এবং পর্যালোচনা করে।বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের বলেন, পার্বত্য চট্টগ্রামকে যাতে কোনো সন্ত্রাসীমহল তাদের কাজে ব্যবহার করতে না পারে, সে জন্য সরকারকে সতর্ক থাকতে বলা হয়েছে। এ জন্য বেশ কিছু এনজিওর ওপর নজরদারি বাড়াতে বলা হয়েছে।সভায় বলা হয়, কোনো এনজিও যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বিচারকাজে কোনো ধরনের বিঘ্ন ঘটাতে না পারে, সে জন্য তদারকি বাড়ানো প্রয়োজন।সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য জেলায় শান্তি আনতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি একটি ‘গাইড লাইন’। এ গাইড লাইন ও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চললে তিন পার্বত্য জেলায় শান্তি আনা সম্ভব।