পার্বত্য চট্টগ্রামে এনজিওদের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে না: সচিব ত্রিপুরা
পার্বত্য চট্টগ্রামে এনজিওদের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের এই সচিব বলেন, এখানে যেসব এনজিও কাজ করছে, তাদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কিছু মহল এখনো পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে। গতকাল সোমবার সকালে বান্দরবানের মেঘলা পর্যটন এলাকার একটি অবকাশযাপনকেন্দ্রে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সচিব বলেন, পরিবেশ সুরক্ষায় পার্বত্য চট্টগ্রামের ঝিরি-ঝরনা বা পানির উৎস থেকে পাথর উত্তোলন বন্ধ করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধভাবে পাথর উত্তোলন আগের চেয়ে অনেক কমেছে।
বান্দরবানের এনজিও তাজিংডংয়ের এনার্জি গ্লোব পুরস্কার পাওয়া উপলক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তপন কান্তি ঘোষ, আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন তাজিংডংয়ের সভাপতি মংথোয়াই মারমা।
অংশৈসিং মারমা বলেন, সারা বিশ্বে এনার্জি গ্লোব ফাউন্ডেশনের ‘দ্য এনার্জি গ্লোব অ্যাওয়ার্ড’ পুরস্কারকে ‘নোবেল অব নেচার’ অভিহিত করা হয়। সামাজিক অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ ও বন সংরক্ষণে অসামান্য অবদানের জন্য ২০১৬ সালে এ পুরস্কার বাংলাদেশকে দেওয়া হয়েছে। মরক্কোর মারাক্কেশে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনে গত ১০ নভেম্বর এনার্জি গ্লোব পুরস্কার ঘোষণা করা হয়।