বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল রফিকুল ইসলাম বলেছেন, সীমান্তে নিরাপত্তা বাড়ানোর জন্য বিডিআরের আরও চারটি সেক্টর ও ১১টি ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামে তিনটি ব্যাটালিয়ন ও একটি সেক্টর সদর দপ্তর স্থাপন করা হবে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের বাইতুল ইজ্জতে রাইফেল প্রশিক্ষণকেন্দ্র ও বিদ্যালয়ে (আরটিসিএনএস) নবনির্মিত ৫০ শয্যা বিডিআর হাসপাতাল উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. আতিকুর রহমান, আরটিসিএনএসের অধিনায়ক কর্নেল কামরুজ্জামান, বান্দরবানের সেনা সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব রশিদ প্রমুখ। আরটিসিএনএস এলাকায় দুই একর জমির ওপর প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে এই বিডিআর হাসপাতাল স্থাপন করা হয়েছে।বিডিআরের ডিজি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও সন্ত্রাসী তৎপরতা বন্ধে নিরাপত্তা তৎপরতা অব্যাহত রয়েছে। নতুন একটি সেক্টর সদর দপ্তর ও তিনটি ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপন করা হলে নিরাপত্তা আরও জোরদার হবে।বিডিআর সূত্রে জানা গেছে, আরটিসিএনএসের বিডিআর হাসপাতালটি বিডিআর সদস্য ও তাঁদের পরিবার ছাড়াও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হবে। এ রকম আরও তিনটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।