পার্বত্য চট্টগ্রামে তেল-গ্যাস অনুসন্ধানে সিনোপেকের সঙ্গে আলোচনা এ মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রবক্ষের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য মার্কিন কোম্পানি কনোকো ফিলিপসের সঙ্গে আজ বৃহস্পতিবার পেট্রোবাংলার উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) হচ্ছে। ব্লক দুটির যেটুকু এলাকার ওপর ভারত ও মিয়ানমারের আপত্তি রয়েছে, সেটুকু ছাড়া বাকি এলাকায় আগামী শুষ্ক মৌসুমেই (অক্টোবর-মার্চ) কনোকো অনুসন্ধানের কাজ শুরু করবে। আজ দুপুর ১২টায় পেট্রোবাংলার কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হতে পারে। চুক্তিতে সরকারের পক্ষে পেট্রোবাংলার সচিব ইমাম হোসেন ও জ্বালানি মন্ত্রণালয়ের উপসচিব এ কে মহিউদ্দিন আহমেদ এবং কনোকোর পক্ষে কোম্পানির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট বিল লেফারেনরের স্বাক্ষর করার কথা।এদিকে স্থলভাগের ২২ নম্বর ব্লকের অধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্সের সঙ্গে যৌথভাবে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চীনা কোম্পানি ‘সিনোপেক শেংলি অয়েলফিল্ড সার্ভিসেস’কে আলোচনায় ডাকা হয়েছে। চলতি মাসেই কোম্পানিটির প্রতিনিধিদের সঙ্গে ঢাকায় পেট্রোবাংলা ও বাপেক্সের আলোচনা হবে। পেট্রোবাংলা ও বাপেক্স সূত্রে এসব জানা গেছে।সমুদ্রসীমায় অনুসন্ধানের উদ্যোগ: বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়। সমুদ্রসীমাকে ২৮টি ব্লকে (আটটি অগভীর ও ২০টি গভীর সমুদ্রে) ভাগ করা হয়। এরপর মডেল পিএসসি প্রণয়ন করে ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। এতে কনোকো ফিলিপস, অস্ট্রেলীয় স্যান্টোস, চীনের সিনক, আয়ারল্যান্ডভিত্তিক টাল্লো বাংলাদেশ, কোরীয় ন্যাশনাল অয়েল করপোরেশনসহ সাতটি কোম্পানি ১৫টি ব্লকে অনুসন্ধানের দরপ্রস্তাব দেয়।প্রস্তাবগুলো একটি বিশেষজ্ঞ কমিটি যাচাই-বাছাই করে ওই বছরের জুলাইয়ে কনোকো ফিলিপসকে গভীর সমুদ্রের ১০, ১১, ১২, ১৫, ১৬, ১৭, ২০ ও ২১—এই আটটি এবং টাল্লো বাংলাদেশকে অগভীর সমুদ্রের ৫ নম্বর ক্ষেত্রের জন্য যোগ্য ঘোষণা করে।তত্ত্বাবধায়ক সরকার তাদের মেয়াদেই ওই ক্ষেত্রগুলোর পিএসসি সম্পন্ন করতে চেয়েছিল। কিন্তু ‘অনির্বাচিত সরকারের এই কাজ করার অধিকার নেই’—নাগরিক সমাজের একাংশের এ ধরনের বক্তব্যে সরকার পিছিয়ে যায়।এবার যে পিএসসি হচ্ছে তাতে বাংলাদেশ প্রথম থেকেই অর্ধেক গ্যাস পাবে। অনুসন্ধান খরচ উঠে এলে বাংলাদেশের প্রাপ্য অংশ বাড়তে থাকবে।৫ নম্বর ক্ষেত্রে অনুসন্ধানের জন্য যোগ্য বিবেচিত টাল্লোর সঙ্গে এখন চুক্তি হবে না। কারণ, ক্ষেত্রটির অধিকাংশ জায়গাই প্রতিবেশী দেশের সঙ্গে বিরোধপূর্ণ।বর্তমানে দেশের অগভীর সমুদ্রবক্ষে ১৬ নম্বর ক্ষেত্রে যৌথভাবে কাজ করছে অস্ট্রেলীয় কোম্পানি স্যান্টোস ও যুক্তরাষ্ট্রের হেলিবার্টন।পার্বত্য চট্টগ্রামে অনুসন্ধান: বাপেক্স পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তাদের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য গত জানুয়ারিতে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় কোম্পানির কাছ থেকে প্রস্তাব আহ্বান করে। রাশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত ও চীনের রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানিগুলো এই আহ্বানে সাড়া দেয়। এগুলোর মধ্যে বাছাই করে সরকার চীনের সিনোপেকের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেয়।এপ্রিলে বাপেক্সকে পাঠানো এ-সংক্রান্ত একটি প্রস্তাবে কোম্পানিটি পটিয়া, জালদি, কাসালং ও সীতাপাহাড়—এই চারটি সম্ভাবনাময় স্থানে অনুসন্ধান চালানোর আগ্রহ প্রকাশ করেছে।এ বিষয়ে জানতে চাইলে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক প্রথম আলোকে বলেন, সিনোপেককে চলতি মাসেই (২০ জুনের পর) আলোচনার জন্য আসতে বলা হয়েছে। আলোচনার একটি প্রধান বিষয় হবে গ্যাসের দামসহ (প্রাইসিং) আর্থিক দিকগুলো। আলোচনায় ঐকমত্য হলে ছয় মাসের মধ্যে তারা খননযন্ত্র (রিগ) নিয়ে আসবে বলে জানিয়েছে। অর্থাৎ, আগামী শুষ্ক মৌসুমেই ২২ নম্বর ব্লকেও অনুসন্ধানের কাজ শুরু হতে পারে।প্রায় ১৪ হাজার বর্গকিলোমিটার বিস্তৃত এই ক্ষেত্রে অনুসন্ধানের বিষয়ে ১৯৯৭ সালে পিএসসি স্বাক্ষরিত হয়েছিল মার্কিন কোম্পানি ইউনাইটেড মেরিডিয়ান করপোরেশনের (ইউএমসি) সঙ্গে। তাদের কাছ থেকে ক্ষেত্রটি যায় আরেক মার্কিন কোম্পানি ওশেন এনার্জির কাছে। কিন্তু তারা পিএসসি অনুযায়ী কাজ না করায় ২০০৬ সালে সরকার ক্ষেত্রটি ফিরিয়ে নিয়ে বাপেক্সকে দেয়।