পার্বত্য চট্টগ্রামে নতুন কার্যক্রম শুরু করল ইউএনডিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে প্রায় আড়াই শ কোটি টাকার নতুন প্রকল্পের কাজ শুরু করল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। ‘পার্বত্য চট্টগ্রামে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারকরণ’ নামের এই নতুন প্রকল্পটি পাঁচ বছর ধরে চলবে।
আজ বৃহস্পতিবার বিকেলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কার্যালয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউএনডিপির মধ্যে নতুন এই প্রকল্পের দলিল স্বাক্ষরিত হয়।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চুক্তির পর পাহাড়ে দুই দশকের সশস্ত্র লড়াই শেষ হয়। এরপর ২০০৩ সালে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ইউএনডিপির ‘পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও আস্থাবিনির্মাণ’ নামের প্রকল্প শুরু হয়। পার্বত্য চুক্তির পর পাহাড়ের উন্নয়নে এটিই সবচেয়ে বড় ধরনের উন্নয়ন উদ্যোগ ছিল। নতুন প্রকল্পটি সেই প্রকল্পেরই ধারাবাহিকতা।
ইউএনডিপির বাংলাদেশীয় প্রধান সুদীপ্ত মুখার্জি বলেন, ‘নতুন প্রকল্পের মাধ্যমে পাহাড়ে উন্নয়নের নতুন ধারার সূচনা হবে। পাহাড়ের সব জনগোষ্ঠীর উন্নয়নই এর লক্ষ্য।’
ইউএনডিপির নতুন এই প্রকল্পের প্রধান প্রসেনজিৎ চাকমা বলেন, বনাঞ্চল সুরক্ষা, কৃষি, সুশাসন এবং পাড়া কমিটির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নই নতুন প্রকল্পের মূল বিষয়। পাহাড়ের ২৫টি উপজেলায় এ কাজ চলবে।
নতুন এই প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে থাকবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। ডেনমার্ক, সার্ক উন্নয়ন তহবিল, ইউএসএইড এবং বাংলাদেশ সরকার মিলে প্রায় ১৬০ কোটি টাকার সংস্থান করবে এই প্রকল্পে। বাকি অর্থের জোগান দেবে কয়েকটি উন্নয়ন প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি।