পার্বত্য চট্টগ্রামে মতপ্রকাশের স্বাধীনতা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে মতপ্রকাশের স্বাধীনতা নেই। সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের অভিযোগগুলো খতিয়ে দেখারও স্বাধীনতা নেই। পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি কমিশন) অনুসিদ্ধান্তে এসব কথা বলা হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অনুসিদ্ধান্তগুলো জানানো হয়।

সিএইচটি কমিশন সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম সফর করে। সফরের সময় কমিশনের সদস্যদের বহনকারী গাড়িতে হামলা হয়। সফর ও হামলার বিষয়ে অনুসিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন করে কমিশন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিশনের সদস্য ও টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে যে জমি, তার একটি বড় অংশ সাধারণ পাহাড়ি বা বাঙালিদের হাতে নেই। এগুলো চলে গেছে বিভিন্ন সরকারি সংস্থা, নিরাপত্তা বাহিনী, বেসরকারি কোম্পানি ও সহিংস ভূমিদস্যুদের হাতে। সেখানার জায়গা-জমি, রাবারবাগান, সেগুনবাগান, অন্যান্য ব্যবসায়িক সম্পত্তিও তাদের হাতে। কিন্তু এরা কেউ পার্বত্য চট্টগ্রামে বাস করে না। এই গোষ্ঠী শান্তিচুক্তির ভূমি কমিশনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ধারার বাস্তবায়ন চায় না।

সংবাদ সম্মেলনে কিছু সুপারিশও তুলে ধরেন ইফতেখারুজ্জামান। এর মধ্যে অন্যতম পাহাড়িদের জমি বেদখল করা রাষ্ট্রীয় সংস্থা, বেসরকারি কোম্পানি ও যাবতীয় ভূমিদস্যুদের প্রতিহত করতে সরকারকে চাপ দেওয়া। এ ছাড়া রয়েছে সরকারি কাজে জমি নিতে হলে সংশ্লিষ্টদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন, পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘাত সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করা।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সিএইচটি কমিশনের কো-চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, ওই হামলায় পুলিশ ও প্রশাসন তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে বলে সিএইচটি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশি পাহারায় চট্টগ্রাম যাওয়ার পথে গত শনিবার রাঙামাটির ওমদা মিয়া হিল এলাকায় সিএইচটি কমিশনের সদস্যদের বহনকারী গাড়িতে হামলা হয়। এতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ তিনজন আহত হন। হামলার ঘটনায় আহত অপর ব্যক্তিরা হলেন হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও সিএইচটি কমিশনের গবেষক ইলিরা দেওয়ান এবং রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনু ইমতিয়াজ সোহেল।
এ হামলার জন্য বাঙালি সংগঠন সমঅধিকার আন্দোলনসহ ছয় সংগঠনকে দায়ী করেছে সিএইচটি কমিশন। তবে সমঅধিকার আন্দোলন এই অভিযোগ অস্বীকার করেছে।
সুলতানা কামালের নেতৃত্বে সিএইচটি কমিশনের একটি দল খাগড়াছড়ি থেকে তিন পার্বত্য জেলা সফর শুরু করে। গত শুক্রবার সকালে তাদের রাঙামাটি যাওয়ার কথা ছিল। কিন্তু সিএইচটি কমিশনের রাঙামাটি সফর প্রতিহত করতে ছয়টি বাঙালি সংগঠন শুক্রবার ভোর ছয়টা থেকে রাঙামাটিতে ৩৬ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়।