পার্বত্য চট্টগ্রামে যেতে স্বরাষ্ট্রের অনুমতি লাগবে বিদেশিদের
বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় বিদেশি নাগরিকদের প্রবেশ ও বেশ কিছু বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিক পার্বত্য চট্টগ্রামে আসতে পারবেন না।
গতকাল বৃহস্পতিবার বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) মিজানুল হক চৌধুরী এক অনুষ্ঠানে এ তথ্য জানান। জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে আইপ্যাড বিতরণের জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাম না প্রকাশের শর্তে বান্দরবান জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বিদেশি নাগরিকদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি নেওয়াসংক্রান্ত সরকারি নির্দেশনা গত বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছেছে। তিনি জানান, এখন থেকে আদিবাসীদের সঙ্গে বিদেশি ব্যক্তি বা সংস্থার প্রতিনিধিরা দেখা বা বৈঠক করতে চাইলে প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবির উপস্থিতি নিশ্চিত করতে হবে।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কে এস মং মার্মা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গৌতম দেওয়ানসহ আদিবাসী বিভিন্ন সংগঠনের নেতারা।
এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সবকিছু করা হবে। আগে বিভাগীয় কমিশনারের মাধ্যমে বিদেশি নাগরিকেরা পার্বত্য অঞ্চলে এসেছেন। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আসবেন। এ নিয়ে কোনো সমস্যা হবে না।