অস্ত্রের শক্তি বা সেনাবাহিনী দিয়ে নয়, পাহাড়ি-বাঙালি এবং আদিবাসীদের বিভিন্ন দলের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস স্থাপনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। গতকাল শনিবার বিকেলে রাঙামাটির পর্যটন হলিডে কমপ্লেক্স এলাকায় আয়োজিত বিবিসি সংলাপে প্যানেল আলোচক ও অংশগ্রহণকারীরা এ ব্যাপারে একমত পোষণ করেন।মো. রেজাউল করিম নামের এক দর্শক পার্বত্য চুক্তির পরও শান্তি আসছে না কেন? এ অবস্থায় সেনাবাহিনী প্রত্যাহার করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে কি না—এ প্রশ্ন করলে প্যানেল আলোচক ও দর্শক এ বিষয়ে মতামত ব্যক্ত করেন।বিবিসি সংলাপে প্যানেল আলোচক ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চাকমা রাজা দেবাশীষ রায়, সাবেক সেনা কর্মকর্তা ও কূটনীতিক মোহাম্মদ এমদাদুল ইসলাম ও আইনজীবী সুস্মিতা চাকমা। সঞ্চালক ছিলেন মিথিলা ফারজানা।সংলাপে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর, পার্বত্য চুক্তি বাস্তবায়ন, পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা, পাহাড়ি-বাঙালি সম্পর্ক ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা হয়।অপর এক দর্শকের সেনাক্যাম্প প্রত্যাহরের কারণে বাঙালিরা নিরাপত্তাহীন হয়ে পড়ছে বলে মন্তব্য করার পরিপ্রেক্ষিতে রাজা দেবাশীষ রায় বলেন, ‘আমাদের দেখতে হবে, সেনাবাহিনী সরিয়ে নেওয়া এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না।’ তিনি বলেন, বাঙালিদের সঙ্গে পাহাড়িদের সংঘর্ষ হচ্ছে না, সংঘর্ষ হচ্ছে আন্তপাহাড়ি দলগুলোর মধ্যে। সেখানে প্রথমে পুলিশ দেওয়া হোক, তারা না পারলে বিডিআর মোতায়েন করা হবে। তার পরই আসবে সেনাবাহিনীর কথা।একই দেশের নাগরিক হওয়ার পরও বাঙালিরা কেন পার্বত্য চট্টগ্রামে জমি কিনতে পারবে না—এক দর্শকের এমন প্রশ্নে রাজা দেবাশীষ রায় বলেন, শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, সমতল এলাকার অনেক অঞ্চলেই আদিবাসীদের জমি কেনার ক্ষেত্রে বিধিনিষেধ আছে, যা অনেকের জানা নেই। সেটা ১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনে স্পষ্ট উল্লেখ আছে।দেবাশীষ রায় বলেন, চুক্তির বিভিন্ন অংশ আছে। তার মধ্যে কোনটি কখন বাস্তবায়িত হবে তা ঠিক করা হলে খারাপ হয় না। কোন মন্ত্রণালয় বা সরকারের কে কোন বিষয়টা কখন বাস্তবায়ন করবেন, সে ব্যাপারে প্রধানমন্ত্রীর একটা দিকনির্দেশনা থাকলে ভালো হয়।রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়ন পরিষদের নারী সদস্য নাইউপ্রু মেরীর পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের সময়সূচিভিত্তিক কোনো পরিকল্পনা (রোডম্যাপ) আছে কি না—এমন প্রশ্নের জবাবে দীপংকর তালুকদার বলেন, বর্তমান সরকারের সময়ে চুক্তি বাস্তবায়ন হবে। পর্বত্য চুক্তি স্বাক্ষরের পর তত্কালীন সরকার চুক্তি বাস্তবায়নের সময় পায়নি। তিনি বলেন, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপের প্রয়োজনীয়তা নেই তা বলছি না। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অনেক কিছুর দাবি না আসতেই বাস্তবায়িত হচ্ছে।দীপংকর তালুকদার বলেন, সব সরকারের আমলে সেনাবাহিনী রুটিন মাফিক সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু বর্তমান শেখ হাসিনার সরকারের সময়ে এমনভাবে অপপ্রচার করা হচ্ছে, যেন পার্বত্য চট্টগ্রামে আর সেনাবাহিনী থাকবে না। সঠিক তথ্য হলো, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর ছয়টি স্থায়ী ক্যান্টনমেন্ট থাকবে।মো. এমদাদুল ইসলাম বলেন, সেনাবাহিনী প্রত্যাহারে শর্ত রয়েছে, কোনো সন্ত্রাসী ঘটনা ঘটলে সেখানে সেনাবাহিনী পাঠানো যাবে। এখানে আতঙ্কিত হওয়ার কিছুই নেই।এমদাদুল ইসলাম বলেন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নানা গোষ্ঠীগত দ্বন্দ্ব থাকে। সেখানে সেনাবাহিনীর করার কিছুই থাকে না। পার্বত্য চুক্তির আগেও জনসংহতি সমিতির দুই গ্রুপের মধ্যে সংঘাত চলেছে। তখনো সেনাবাহিনী কিছুই করতে পারেনি বলে তিনি মন্তব্য করেন। সুুস্মিতা চাকমা বলেন, সেনাবাহিনী ছাড়াও শান্তি প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে অনেক পথ ও পদ্ধতি আছে। শুধু বন্দুকের নলের মুখে শান্তি আসতে পারে না। পরস্পরের আস্থার মাধ্যমে শান্তি স্থাপন করতে হবে।