পার্বত্য চট্টগ্রামে সংঘাতের তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এক চিঠিতে পার্বত্য চট্টগ্রাম কমিশন সেখানে অস্থিতিশীল পরিস্থিতির কারণ চিহ্নিত করে কিছু সুনির্দিষ্ট সুপারিশ করেছে।চিঠিতে বলা হয়েছে, একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে সাম্প্রতিক সংঘাতের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়া প্রয়োজন। ১৮ থেকে ২২ জুন রাঙামাটি ও খাগড়াছড়ির কয়েকটি এলাকা পরিদর্শন করে এসে কমিশন এ চিঠি পাঠায়। ওই এলাকাগুলোতে গত বছর দুয়েকে একাধিকবার রক্তক্ষয়ী সংঘাত ও হতাহতের ঘটনা ঘটেছে।চিঠিতে সংঘাতের ব্যাপারে অনুসন্ধানভিত্তিক প্রতিবেদন দেওয়া হয়েছে। এতে বলা হয়, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন, নিরাপত্তা ও ক্ষতিপূরণ দেওয়া জরুরি। বাঘাইহাট-সাজেক সড়কের পাশ থেকে পাহাড়িদের উচ্ছেদ করে বাঙালিদের বসতি স্থাপন বন্ধ করা উচিত বলে মত দিয়েছে কমিশন। তারা বলেছে, পার্বত্য চুক্তি অনুযায়ী ভূমি বিরোধ নিষ্পত্তি আইন সংশোধন করে পাহাড়ি নেতাদের সম্মতির ভিত্তিতে ভূমিসমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া দরকার। চুক্তি অনুযায়ী পর্যায়ক্রমে অস্থায়ী সেনাক্যাম্প প্রত্যাহার করে অপ্রয়োজনীয় সামরিক নিয়ন্ত্রণ এবং এ থেকে সৃষ্ট উত্তেজনার মাত্রা কমানোর ব্যবস্থা নেওয়াও জরুরিভাবে প্রয়োজন।পার্বত্য চট্টগ্রাম কমিশন সূত্রে এ চিঠির কথা জানা গেছে। সরকারের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে এ চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।