পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন সম্ভব: সাহারা
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, র্যাব, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সাধারণ প্রশাসন সমন্বয় ঘটিয়ে কাজ করলে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করা সম্ভব।গতকাল শনিবার দুপুর একটায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে। গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি রাঙামাটির বাঘাইহাটে সংঘটিত পাহাড়ি-বাঙালি সহিংস ঘটনা ছিল তারই অংশ। কিন্তু স্থানীয় সামরিক-বেসামরিক প্রশাসন ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সে ষড়যন্ত্র রুখে দেওয়া হয়েছে।’সভার বিশেষ অতিথি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, একটি মহল পার্বত্য চট্টগ্রামে সমস্যা সমাধানের পরিবর্তে স্থবিরতা সৃষ্টি করে সাংঘর্ষিক অবস্থা বজায় রাখতে চায়।