শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পার্বত্য চট্টগ্রামে দেশের সবচেয়ে আধুনিক ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। দুর্গম পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ছেলেমেয়েদের শিক্ষার সুযোগ উন্মুক্ত এবং হাতের নাগালে এনে দিতে সরকার এ উদ্যোগ নিয়েছে।গতকাল বুধবার রাঙামাটি পৌরসভা মিলনায়তনে ‘পার্বত্য চট্টগ্রামে মাধ্যমিক ও উচ্চশিক্ষা ক্ষেত্রে বিরাজমান সমস্যা ও উত্তরণে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী এর আগে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রাথমিকভাবে নির্ধারিত রাঙামাটি শহরের পার্শ্ববর্তী তিনটি স্থান ঘুরে দেখেন।প্রস্তাবিত শিক্ষানীতি সম্পর্কে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি বহুজাতিক রাষ্ট্র, এটাই আমাদের বৈচিত্র্য। এখানে সবার অধিকার সমান। আদিবাসী শিশুরা যেন প্রাথমিক পর্যায়ে নিজেদের ভাষাভাষী শিক্ষকের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে শিক্ষানীতিতে তা অন্তর্ভুক্ত করা হয়েছে।রাঙামাটির জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, সাবেক জোট সরকারের আমলে প্রস্তাবিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙামাটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর আন্তরিকতায় পার্বত্য চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় স্থাপনে আবার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে তিনি সবার সক্রিয় সহযোগিতা কামনা করেন।