পার্বত্য চট্টগ্রামে সড়ক ও নৌপথ অবরোধের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি কমিশন) পার্বত্য চট্টগ্রাম পরিদর্শনের প্রতিবাদে আজ মঙ্গলবার এবং আগামী বৃহস্পতিবার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার কয়েকটি স্থানে সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। গতকাল সোমবার পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আল আরাফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার খাগড়াছড়ির রামগড়, মানিকছড়ি ও মাটিরাঙ্গা উপজেলায় সড়কপথ এবং বৃহস্পতিবার রাঙামাটির নানিয়ারচর, কাউখালী ও বাঘাইছড়ি উপজেলায় ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, পার্বত্য চট্টগ্রামকে নিয়ে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র, তারই অংশ পার্বত্য চট্টগ্রাম কমিশনের এই সফর। এ ষড়যন্ত্র যেকোনোভাবে রুখতে হবে।সিএইচটি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মঙ্গলবার থেকে খাগড়াছড়ি পরিদর্শনের মাধ্যমে কমিশন এই সফর শুরু করবে। এটি কমিশনের ষষ্ঠ মিশন। কমিশন মূলত পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে। কমিশনের সদস্যরা পাঁচ দিনের সফরে তিন পার্বত্য জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। এ সময় তাঁরা মৌজাপ্রধান (হেডম্যান), গ্রামপ্রধান (কার্বারি) এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সাধারণ জনগণের সঙ্গে আলোচনা করবেন। এ ছাড়া কমিশনের বাংলাদেশে আদিবাসী অধিকার বাস্তবায়নবিষয়ক একটি জাতীয় সেমিনারে অংশগ্রহণ করার কথা রয়েছে। ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী, ভূমিমন্ত্রী, আইনমন্ত্রী, বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান এবং সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসির সঙ্গে কমিশনের সাক্ষাৎ করার কথা রয়েছে। কমিশনের সদস্যরা হলেন—কো-চেয়ার সুলতানা কামাল, এলসা স্টেমাতোপৌলি এবং সদস্য সারা হোসেন, স্বপন আদনান, এনেকা আরেন্স ও সমন্বয়কারী হানা শামস আহমেদ।