পার্বত্য চট্টগ্রামের ঘটনায় আইএসআই জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম এলাকায় সাম্প্রতিক ঘটনার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার (আইএসআই) সম্পৃক্ততার অভিযোগ এনেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।কমিটি বলেছে, ওই গোয়েন্দা সংস্থার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতা ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বেই পাহাড়ে সংঘাতের ঘটনা ঘটে। সরকারকে বেকায়দায় ফেলতে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রের ছক কষার জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে। আর এর সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয় জামায়াতের কর্মীরা। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলা হয়। কমিটি পার্বত্য চট্টগ্রাম ঘুরে এসব তথ্য-প্রমাণ পেয়েছে বলে জানানো হয়।তদন্ত প্রতিবেদন ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশ নিয়ে কমিটি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে।বৈঠক শেষে সংসদ ভবনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, এ যড়যন্ত্রের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির জড়িত। শিবিরের এসব কর্মী হত্যার সঙ্গে জড়িত বলে পুলিশের ভয়ে পাহাড়ে আত্মগোপন করে আছে।মোহাম্মদ শাহ আলম বলেন, সেখানে কয়েকটি এনজিওর কর্মকাণ্ডও রহস্যজনক। একটি কুচক্রী মহল সরকারকে ব্যর্থ প্রমাণ করতে সুপরিকল্পিতভাবে সংঘাতের সৃষ্টি করে। ২০ কিলোমিটার এলাকা জুড়ে পাহাড়ি ও বাঙালিদের বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে নেতৃত্ব দেন বিএনপির ওয়াদুদ ভূঁইয়া।কমিটির সদস্য গিয়াস উদ্দিন আহম্মেদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফারুক হোসেনকে মেরে ম্যানহোলে লাশ ফেলে দেওয়ার ঘটনাও ঘটিয়েছে ওয়াদুদ ভূঁইয়ার লোকজন। রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের কর্মীরা পুলিশের ধাওয়া খেয়ে পার্বত্য এলাকায় আশ্রয় নেয়। পরে তারা হেলমেট পরে ওয়াদুদ ভূঁইয়ার সমর্থকদের নিয়ে অগ্নিসংযোগ ও হামলা চালায়। এই অপকর্মে সহযোগিতা করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। কমিটির আরেক সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, পরিদর্শনে তাঁরা দেখেছেন পার্বত্য এলাকায় ওই সহিংসতায় মারা গেছে তিনজন। এর মধ্যে একজন বাঙালি। তিনি বলেন, এলাকাটি খুবই দুর্গম। সেখানে এক স্থানের ঘটনা খুব দ্রুত জেনে ফেলা সম্ভব নয়। তবে প্রশাসনের কিছু দুর্বলতা ছিল বলে স্বীকার করে তিনি বলেন, ভবিষ্যতে যাতে সেখানে দক্ষ কর্মকর্তাদের পাঠানো হয়, সে সুপারিশ করবে কমিটি।