তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বিশাল এলাকা হলেও নতুন বসতি সহ্য করার ক্ষমতা নেই। কারণ এখানে আবাদযোগ্য ভূমি কম। কাপ্তাই বাঁধের পরে অনেক জমি পানিতে তলিয়ে গেছে। এখানে সমতলের মতো উন্নয়ন সম্ভব নয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বোর্ডের রাঙামাটি প্রধান কার্যালয় চত্বরে আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ শুধু বাঙালিদের দেশ নয়, এখানে চাকমা, মারমাসহ আরও অনেক জাতিগোষ্ঠী আছে। আমাদের সবার সমান অধিকার। সবাই বাংলাদেশের নাগরিক।’
ক্ষুদ্র জাতিসত্তার নিরাপত্তা আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী বলেন, আইন না থাকলে অধিকার নিরাপদ হয় না। তিনি বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও ক্ষুদ্র জাতিসত্তার অধিকার প্রতিষ্ঠায় সংলাপের বিকল্প নেই।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘পার্বত্য চুক্তির সুফল আমরা পেতে শুরু করেছি। পার্বত্য চট্টগ্রামের পরিবেশ, প্রকৃতি, আর্থসামাজিক অবস্থাসহ নানা দিকে ইতিবাচক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে।’
শান্তি প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করে বীর বাহাদুর বলেন, ‘আমরা অভিমান, অভিযোগ করে অনেক সময় নষ্ট করেছি। আমাদের সবকিছু ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
পার্বত্য চুক্তি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক বলে উল্লেখ করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী বলেন, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের বাধা দূর করতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, ফিরোজা বেগম, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও কংজরী চৌধুরী।
এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাই রাঙামাটি নতুন সড়কে মাউন্টেন বাইক প্রতিযোগিতা, রাঙামাটি শহরে শোভাযাত্রা ও কেক কাটা হয়।