প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী বলেছেন, পাহাড়িদের নিজেদের মধ্যে কিছু সংঘাত ছাড়া পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি সমতলের চেয়েও ভালো। এ কারণে পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পগুলো ক্রমান্বয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া সীমান্তের কাছাকাছি এলাকার ক্যাম্পগুলোর দায়িত্বও বিজিবির কাছে হস্তান্তর করা হচ্ছে।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির প্রশিক্ষণ কেন্দ্র ও বিদ্যালয়ের (বিজিটিসিএস) ৮০তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারিক আহমেদ।তারিক আহমেদ সিদ্দিকী বলেন, সীমান্তে যাতায়াতের সুবিধার্থে এক হাজার কিলোমিটার সড়ক নির্মাণ ও টহল জোরদারের জন্য বিজিবির সদস্যদের মোটরসাইকেল দেওয়ার কাজ শুরু হয়েছে।এ সময় উপস্থিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, দেশের সব সীমান্তেই এখন স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। সীমান্তে পাহারা জোরদারে পার্বত্য চট্টগ্রামে বিজিবির একটি রিজিয়ন করা হবে। এই রিজিয়নের আওতায় আরও একটি সেক্টর, চারটি ব্যাটালিয়ন ও বিদ্যমান ৬৭টি সীমান্ত ফাঁড়ির (বিওপি) সঙ্গে আরও ৩২টি ফাঁড়ি স্থাপন করা হবে।অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুসতাক আহমেদ, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অধিনায়ক (জিওসি) মেজর জেনারেল মোহামঞ্চদ আসহাব উদ্দিন, বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল শামস্-উল-হুদাসহ সেনাবাহিনী ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।