পার্বত্য চট্টগ্রামের বাস্তবতায় বেঁচে থাকাই কষ্টকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের বাস্তবতায় শিক্ষা মুখ্য বিষয় নয়, মানুষের বেঁচে থাকাই কষ্টকর হয়ে উঠেছে। চুক্তি স্বাক্ষরের ১৪ বছর পরও পার্বত্য চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি কোনো কিছু অগ্রসর হতে পারছে না। গতকাল বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলনকক্ষে পার্বত্য চট্টগ্রামের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাব্যবস্থার ওপর পরিচালিত গবেষণাপত্রের ওপর পরামর্শমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এ কর্মশালার আয়োজন করে। পার্বত্য জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদকে পার্বত্য অঞ্চলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সত্যিকার প্রতিষ্ঠান বলে উল্লেখ করে সন্তু লারমা বলেন, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সাধারণ প্রশাসনের লোকজন মনে করেন, তাঁরাই সরকারের মূল প্রতিনিধি। অপর দিকে এখানে বলবৎ রয়েছে সেনাশাসন অপারেশন উত্তরণ, চলছে চুক্তিবিরোধী কার্যক্রম। এভাবে কোনো কিছু যথাযথভাবে চলা সম্ভব নয়। গবেষণাপত্রের প্যানেল আলোচক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইনুন নাহার বলেন, ভৌগোলিক অবস্থা, সংস্কৃতি, সমাজব্যবস্থা এসব চিন্তা করে পার্বত্য চট্টগ্রামকে শিক্ষানীতিতে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। আদিবাসীদের সমাজ-সংস্কৃতির বিষয়ে মাধ্যমিক পর্যায়ে আলাদা পাঠ্যবই সংযোজনে নীতিনির্ধারণী পর্যায়ে চিন্তাভাবনা চলছে উল্লেখ করে বলেন, এমন উদ্যোগ বৃহত্তর বাঙালি জনগোষ্ঠীর কাছে আদিবাসীদের আলাদা করার মানসিকতা সৃষ্টি করবে। মূল পাঠ্যবইয়ে আদিবাসীদের সমজ-সংস্কৃতি সংযোজন করার পক্ষে তিনি অভিমত ব্যক্ত করেন। গবেষণাপত্রের উপস্থাপক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যাপক মংসানু চৌধুরী বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় শিক্ষার্থী ভর্তি, ঝরে পড়ার হার জাতীয় পর্যায় থেকে পার্বত্য চট্টগ্রাম বেশ পিছিয়ে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অবস্থা আরও শোচনীয় উল্লেখ করে বলেন, মাতৃভাষায় শিক্ষাদানের অভাব, দুর্বল অর্থনীতি, শিশুদের গেরস্থালির কাজে ব্যবহার, যোগাযোগ দুর্গমতার কারণে এ অবস্থা বিরাজ করছে। এ ছাড়া বিদ্যালয়গুলোতে নিরাপদ পানি, পয়োনিষ্কাষণব্যবস্থা, মাঠ ও খেলাধুলার সামগ্রীর অভাব রয়েছে বলে জানানো হয়। কর্মশালায় আরও বক্তব্য দেন এমজেএফের প্রকল্প ব্যবস্থাপক তন্দ্র চাকমা ও আঞ্চলিক ব্যবস্থাপক সেলিম আহমেদ। অংশ নেন শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি।