পার্বত্য চট্টগ্রামের বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে পর্যটনের উদ্যোগ নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেছেন, পার্বত্য চট্টগ্রামের যে সামাজিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক বৈশিষ্ট্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে, সেই বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে পর্যটন উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, সরকারের অনেক বিষয়ে আমার অসন্তোষ থাকলেও পর্যটন নিয়ে সহযোগিতার ক্ষেত্রে তেমন অসন্তুষ্টি নেই।গতকাল শুক্রবার বান্দরবানে মেঘলা ও নীলাচল পর্যটন এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী সার্কিট হাউসে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর, জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, জেলা প্রশাসক মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠক করেন। এ সময় জি এম কাদের বলেন, দেশি-বিদেশি পর্যটকেরা সাংস্কৃতিক বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য এ অঞ্চলে আসেন। এমন উন্নয়ন যাতে না হয়, যাতে সেই সব বৈশিষ্ট্য হারিয়ে যায়—সেটা হলে পর্যটন ও উন্নয়ন কোনোটাই হবে না।মন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশে অনেক স্থান রয়েছে যেখানে সড়ক উন্নয়নের কাজ করা হয় না। কারণ, সেখানে সড়ক নির্মাণ করলে পর্যটনের আকর্ষণ সৃষ্টিকারী বৈশিষ্ট্যগুলো হারিয়ে যাবে। রুমার রাইনক্ষ্যং ও বগা লেকের মতো জায়গায়ও সড়ক নির্মাণের আগে এই বিষয়গুলো ভাবতে হবে।চিম্বুক পাহাড়ের সেনাবাহিনীর পরিচালিত অবকাশযাপন কেন্দ্র নীলগিরিতে গতকাল রাতে মন্ত্রীর অবস্থান করার কথা।