পার্বত্য চট্টগ্রামে বিরাজমান সমস্যা সমাধানে সরকারের ভূমিকা ইতিবাচক বলে মন্তব্য করেছেন রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ও সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ে প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও সহানুভূতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।
গতকাল বুধবার সকালে রাঙামাটি সদর উপজেলার বালুখালী ও বন্দুকভাঙ্গা ইউনিয়নে কাবিখা ও কাবিটা প্রকল্পের সৌরবিদ্যুতের প্যানেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঊষাতন তালুকদার এসব কথা বলেন।
রাঙামাটি শহরের বনরূপা পোড়া পাহাড় এলাকায় বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয়গিরি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ বলেন, পার্বত্য চুক্তি নিয়ে অনেকের ভুল ধারণা রয়েছে। এ চুক্তি বাস্তবায়িত হলে দেশের লাভ ছাড়া কোনো ক্ষতি হবে না। এটি ছাত্র-যুবকসহ দেশবাসীকে জানাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনী বিল সংসদের বাজেট অধিবেশনে পাস না হওয়ার বিষয়টি উল্লেখ করে সাংসদ বলেন, ভূমি সমস্যা সমাধান জরুরি। ভূমি থেকেই বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরুণ কান্তি চাকমা, বসন্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দলাল চাকমা, বন্দুকভাঙ্গা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি চিত্ত রঞ্জন চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন প্রমুখ।