সংবাদ সম্মেলনে সন্তু লারমা
পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভের নানা বহিঃপ্রকাশ ঘটছে
পাহাড়ে সাম্প্রতিক সময়ে অপহরণের ঘটনা বেড়ে যাওয়ার পেছনে পাহাড়ের আদিবাসীদের ক্ষোভ সন্দেহাতীতভাবে কাজ করছে বলে মনে করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। তিনি বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভের নানা বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। চুক্তি দ্রুত বাস্তবায়ন না হলে পাহাড়ের আদিবাসীরা আত্মরক্ষায় নিজেরাই ব্যবস্থা নেবে। ৯ আগস্ট জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আদিবাসী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে সন্তু লারমা এসব কথা বলেন। তিনি বলেন, ‘আদিবাসীরা আত্মরক্ষায় কী ধরনের ব্যবস্থা নেবে তা বলতে পারছি না। তবে পাহাড়ে যে অশান্ত অবস্থা বিরাজ করছে, তা আরও বেড়ে যাওয়া মোটেই অস্বাভাবিক নয়।’
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি করে সেই সময়ের এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। কিন্তু চুক্তি বাস্তবায়ন হচ্ছে না। তিনি বলেন, চুক্তির বিরোধিতা করে পাহাড়ে একটি সংগঠন নানা সন্ত্রাসী কাজ চালিয়ে যাচ্ছে। তাদের দমনেও সরকারের তেমন কোনো আন্তরিকতা নেই। সংবাদ সম্মেলনে আদিবাসীদের ১০ দফা দাবি তুলে ধরা হয়। আদিবাসী দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। দিবসটি উপলক্ষে আদিবাসী ফোরাম ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৩ আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ৪ আগস্ট সকালে সিরডাপ মিলনায়তনে ও বেলা তিনটায় পার্লামেন্ট মেম্বারস ক্লাবে আলোচনা সভা, ৯ আগস্ট আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংবাদ সম্মেলনে ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, আদিবাসী নেতা শক্তিপদ ত্রিপুরা, রবীন্দ্রনাথ সরেন প্রমুখ উপস্থিত ছিলেন।