পার্বত্য চুক্তি নিয়ে আন্দোলনের প্রয়োজন নেই। এ সরকারের আমলেই ভূমি সমস্যার সমাধানসহ পার্বত্য চুক্তি বাস্তবায়ন করা হবে। গতকাল শনিবার বান্দরবানে সেতু পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, পার্বত্য চুক্তির পর পার্বত্য চট্টগ্রামের দৃশ্যমান অনেক পরিবর্তন হয়েছে। মাঝখানে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকায় পার্বত্য চুক্তি বাস্তবায়নে স্থবিরতা সৃষ্টি হয়েছিল। এবার অবশ্যই বাস্তবায়ন হবে।
চুক্তি বাস্তবায়নে সরকারের কোনো রোডম্যাপ রয়েছে কি না, সাংবাদিকেরা জানতে চাইলে মন্ত্রী বিষয়টি এড়িয়ে যান।
বান্দরবান-কেরানীহাট-চট্টগ্রাম সড়কের হাঙ্গর খালের ওপর প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতু পরিদর্শন করেন সেতুমন্ত্রী। এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, সড়ক ও জনপথের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, এ অঞ্চলে যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে। আগামী মাসে থানচি-আলীকদম-নাইক্ষ্যংছড়ি-কক্সবাজার সড়ক উদ্বোধন করা হবে।