তিন পার্বত্য জেলায় কাল অফিস-আদালত বর্জনের কর্মসূচি জনসংহতি সমিতির
পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি আগামীকাল বুধবার তিন পার্বত্য জেলায় অফিস-আদালত বর্জনের কর্মসূচি দিয়েছে। পার্বত্যচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি দেওয়া হয়েছে।
গতকাল সোমবার জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা প্রথম আলোকে বলেন, পার্বত্যচুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ও বাঙালিদের নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত হতে পারে না। সরকারকে চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।
এর আগে একই দাবিতে তিন পার্বত্য জেলায় হাটবাজার বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করা হয়।
অফিস-আদালত বর্জনের কর্মসূচির ডাক দিয়ে জনসংহতি সমিতি থেকে প্রকাশিত প্রচারপত্রে বলা হয়েছে, ১৮ বছর আগে সই হওয়া পার্বত্যচুক্তির অবাস্তবায়িত বিষয়গুলো বাস্তবায়নে সরকার উদাসীনতা দেখাচ্ছে। নানা বুলি আউড়িয়ে দেশ-বিদেশের মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। ভূমি সমস্যা সমাধানে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি আইন ২০০১ সংশোধন না করে চুক্তিবিরোধী কার্যক্রম অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। উন্নয়নের নামে স্থায়ী অধিবাসীদের ভূমি বেদখল অব্যাহত রাখা হয়েছে। এ অবস্থায় চুক্তি বাস্তবায়ন আন্দোলন তীব্রতর করা ছাড়া বিকল্প পথ নেই।
সজীব চাকমা বলেন, অফিস-আদালত বর্জন কর্মসূচির পর পর্যায়ক্রমে কঠোর কর্মসূচি দেওয়া হবে। অসহযোগ আন্দোলনের কর্মসূচি সফল করতে তিন পার্বত্য জেলায় জনসংযোগের কার্যক্রম চলছে।