পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও শরণার্থীদের পুনর্বাসন দাবি
ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থী কল্যাণ সমিতি গতকাল রোববার বেলা ১১টায় খাগড়াছড়ি সদরের মহাজনপাড়ার এম এন লারমা মূর্তির পাদদেশে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও ভারত প্রত্যাগত শরণার্থীদের পুনর্বাসন সময়ভিত্তিক কর্মসূচির ভিত্তিতে বাস্তবায়ন করার দাবি জানিয়েছে।শরণার্থী কল্যাণ সমিতির সভাপতি প্রভাকর চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৭ সালের ৯ মার্চ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় যে ২০ দফা প্যাকেজ চুক্তির ভিত্তিতে জুম্ম শরণার্থীরা স্বদেশে ফিরে এসেছে, তার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে, পাশাপাশি পার্বত্য চুক্তিও বাস্তবায়ন করতে হবে। জুম্ম শরণার্থীদের সমস্যা বাদ দিয়ে পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধান করা সম্ভব নয়।বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তি করতে হলে বিদ্যমান ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন অবশ্যই সংশোধন করতে হবে। সমাবেশে বক্তব্য দেন শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা, মধুমঙ্গল চাকমা, অজিত বরণ চাকমা, ক্ষেত্র মোহন রোয়াজা, সাথোয়াই মারমা, বিনোদ বিহারি চাকমা প্রমুখ।সমাবেশের পর শরণার্থী কল্যাণ সমিতির একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে ২০ দফা প্যাকেজ চুক্তির বিভিন্ন অবাস্তবায়িত ধারা তুলে ধরা হয় এবং তা দ্রুত বাস্তবায়নের জন্য সাত দফা দাবিনামা উত্থাপন করা হয়।