পার্বত্য চুক্তি বাস্তবায়ন করা হচ্ছে না: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তির বাস্তবায়ন সম্পর্কে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘আমাদের দৃষ্টিভঙ্গিতেই জট পাকিয়ে গেছে। যেই জট পাকানোর ফলে আমরা এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারিনি। বলা হচ্ছে যে এটা করা হচ্ছে। কিন্তু আমি নিজে জানি এটা করা হচ্ছে না এবং এ করা নিয়ে সমস্যা-সংকট থেকেই যাচ্ছে।’
গতকাল বৃহস্পতিবার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ‘ইনডিজেনাস পিপলস ইন বাংলাদেশ: হিউম্যান রাইটস অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
রাজধানীর লেকশোর হোটেলে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বাংলাদেশ ইনডিজেনাস পিপলস ফোরাম যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
মেনন বলেন, ‘সংবিধানে আমরা আদিবাসীদের সাংবিধানিক অধিকার দিতে পারিনি। সেই ভুল থেকে বেরিয়ে আসার জন্য আমরা দীর্ঘদিন চেষ্টা করেছি। এমনকি আমরা যখন কিছুটা অগ্রসর হলাম ২০১০ সালের পরে এসে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে, তখনো আমরা একই ভুল রেখে দিলাম। আমি জানি, আমার এই বক্তব্যের সঙ্গে সরকারের বক্তব্য এক নয়। এটি কীভাবে গ্রহণ করা হবে আমি জানি না। কিন্তু এই কথাটি বলতেই হবে এবং সে কথা বলেই আমাদের এগোতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘কেবল পাহাড়ের আদিবাসী নয়, আমাদের যাঁরা সমতলের আদিবাসী রয়েছেন, তাঁরাও ক্রমাগত মার্জিনালাইজড হচ্ছেন, তাঁদের জমি নিয়ে নেওয়া হচ্ছে, তাঁদের বিরুদ্ধে হামলা হচ্ছে। এ ঘটনাগুলো কিন্তু বৃহত্তর ঘটনা।’
সেমিনারে আদিবাসী-বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা বলেন, ‘সরকার দাবি করছে যে তারা পার্বত্য চুক্তির ৭২ শতাংশ পূরণ করেছে। জনসংহতি সমিতি বলছে মাত্র ২৫ শতাংশ। এটা পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পরিস্থিতির বদল হবে না।’
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অনারারি ডিরেক্টর ব্যারিস্টার সারা হোসেন অভিযোগ করে বলেন, ‘জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের একটা আদেশ আছে। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের সূত্রে ওনারা নির্দেশটা দিচ্ছেন। তাদের কাছে তথ্য আসছে যে বিভিন্ন জাতীয় স্থাপনায় বিভিন্ন ধরনের সভা-সমাবেশ করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটা পরিপত্র আছে, যেখানে বলা হয়েছে যে আন্তর্জাতিক বা জাতীয় পর্যায়ের কোনো সংস্থা বা ব্যক্তি যদি পার্বত্য এলাকায় কোনো সভা-সমাবেশ করতে যান, তাহলে পূর্ব অনুমতি নিতে হবে। দ্বিতীয়ত, ওই সমাবেশে সরকারি কারও উপস্থিতি লাগবে।’
সেমিনারের সভাপতি বাংলাদেশ ইনডিজেনাস পিপলস ফোরামের প্রেসিডেন্ট জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, জুম্ম জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় ১৮ বছরেও ভূমির অধিকারসহ পার্বত্য চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, ‘বাংলাদেশের আদিবাসী মানুষের সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ও অর্থনৈতিক তথা তাঁদের জীবনের সব ক্ষেত্রে কেমন যেন একটা দ্বিধাদ্বন্দ্ব।’
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন, হ্যানি ফুল এস্কজায়ের ও আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস রেড্ডি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মঙ্গল কুমার চাকমা।