পার্বত্য চুক্তি বাস্তবায়ন ছাড়া ভূমি সমস্যার সমাধান সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক আইন ও আদিবাসীদের প্রথাগত অধিকারের স্বীকৃতি ছাড়া পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান সম্ভব নয়।গতকাল শুক্রবার রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সম্মেলনকক্ষে পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার রক্ষা আন্দোলন, খাগড়াছড়ি হেডম্যান অ্যাসোসিয়েশন এবং কাপেং ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এ মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার রক্ষা আন্দোলনের সভাপতি গৌতম দেওয়ান।১৯৯৭ সালে পার্বত্য চুক্তির আলোকে ভূমি সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে সন্তু লারমা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধানের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, তিন পার্বত্য জেলা পরিষদ, তিন সার্কেল (রাজা) প্রশাসনকে বাদ দিয়ে ভূমি বিরোধ নিষ্পত্তির কোনো প্রশ্নই আসে না। অথচ এসব প্রতিষ্ঠানকে বাদ দিয়ে পার্বত্য চট্টগ্রামের ভূমির বাস্তবতাকে উপলব্ধি না করে ভূমি বিরোধ নিষ্পত্তির চেষ্টা চলছে। বিশেষ অতিথির বক্তব্যে চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, বহিরাগতদের অনুপ্রবেশ ও বনায়নের নামে পার্বত্য চট্টগ্রামে বন নিধন চলছে।রাজা দেবাশীষ রায় অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামের বন রক্ষা যাদের দায়িত্ব, তারাই বন ধ্বংসে লিপ্ত হয়ে পড়েছে।আরও বক্তব্য দেন বোমাং রাজার প্রতিনিধি চহ্লা প্রু জিমি, খাগড়াছড়ি হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি শক্তিপদ ত্রিপুরা, রাঙামাটি সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মাহিদুর রহমান প্রমুখ।