পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তির ১৪তম বার্ষিকীতে গতকাল শুক্রবার বান্দরবানে আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য অঞ্চলে পরিস্থিতির অবনতি হচ্ছে। অবিলম্বে চুক্তি বাস্তবায়নের দাবি জানান তাঁরা।জেলা শহরের ঐতিহাসিক রাজার মাঠে গতকাল সকালে সমাবেশের আয়োজন করে পার্বত্য চুক্তি উদ্যাপন কমিটি। রাজবিলা, বাঘমারা, আন্তাহাপাড়া, রোয়াংছড়ি, জামছড়িসহ বিভিন্ন এলাকার হাজার হাজার আদিবাসী নারী-পুরুষ বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে যোগ দেন।উদ্যাপন কমিটির সভাপতি দেন্দোহার জলাইয়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল। তিনি বলেন, পার্বত্য চুক্তির বাস্তবায়ন ছাড়া এ অঞ্চলের আদিবাসীদের অধিকার সংরক্ষণ ও সমস্যা সমাধান সম্ভব নয়। কিন্তু বর্তমান সরকার চুক্তি বাস্তবায়ন না করে তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।বিশেষ অতিথি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা বলেন, সরকার শুধু চুক্তি বাস্তবায়ন বন্ধ রাখেনি, চুক্তির বাস্তবায়িত অংশগুলোও এখন অবমূল্যায়ন করছে। উপমন্ত্রী পদমর্যাদার জেলা পরিষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেলেরও অধস্তন করা হয়েছে। তিনি অবিলম্বে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও চুক্তি বাস্তবায়নের দাবি জানান।বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি জুয়ামলিয়ান আমলাই বম অভিযোগ করেন, পার্বত্য অঞ্চলের ভূমি বন্দোবস্ত ও ইজারা প্রদানে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও বান্দরবানের জেলা প্রশাসক তা উপেক্ষা করে অবসরপ্রাপ্ত সামরিক-বেসামরিক কর্মকর্তা ও বহিরাগত বিত্তশালীদের ভূমি ইজারা প্রদানের প্রক্রিয়া চালাচ্ছেন। এ অবস্থায় আদিবাসীরা নতুন করে ভূমি হারানোর আতঙ্কে রয়েছেন।সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন প্রবীণ আদিবাসী নেতা কে এস প্রু চৌধুরী, সাংবাদিক সালিম সামাদ, আদিবাসী লেখক ক্যশৈপ্রু মারমা, নারীনেত্রী ডনাইপ্রু নেলী মারমা, অংচমং মারমা, ম্রো সোশ্যাল কাউন্সিলের সভাপতি রাংলাই ম্রো প্রমুখ।এদিকে চুক্তির ১৪ বছর পূর্তি উপলক্ষে জেলা আওয়ামী লীগ গতকাল শহরে শোভাযাত্রা বের করে।এ ছাড়া জেলা পরিষদ বিকেলে আদিবাসী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য কাজী মজিবর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা।