রাঙামাটিতে আলোচনা সভায় সন্তু লারমা
পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে

পাহাড়ে পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। তিনি বলেন, শাসকগোষ্ঠী মানুষের মৌলিক অধিকার খর্ব করে চলেছে। পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। গতকাল শনিবার সকালে রাঙামাটি শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মানবাধিকার কমিশন রাঙামাটি শাখা ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমা। বক্তব্য দেন রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাফিউল সারোয়ার। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অঞ্জলিকা খীসা, আইনজীবী প্রতীম রায়, জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের
(ব্লাস্ট) সমন্বয়ক জুয়েল দেওয়ান ও প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে প্রমুখ।
জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা বলেন, পঞ্চদশ সংশোধনীর কারণে পাহাড়ে বসবাসরত জুম্ম জনগণের অধিকার অস্বীকার করা হয়েছে। পাহাড়ের মানুষের সাংবিধানিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ভূমি অধিকারসহ বিভিন্ন অধিকারের কথা বলা হলেও বাস্তবে কোনো কিছুই নেই। তিনি বলেন, পাহাড়ের সমাজব্যবস্থার যদি গুণগতমান বৃদ্ধি করা না হয় তাহলে মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শোষণ-নিপীড়ন অব্যাহত থাকলে মানুষ অধিকার আদায়ের জন্য আন্দোলনে যেতে বাধ্য হবে।
আলোচনা সভার আগে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাঙামাটি শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়।