বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সরকারের এ মেয়াদের পর যদি কিছু অবশিষ্ট থাকে, তা পরবর্তী সময়ে সরকার গঠন করতে পারলে বাস্তবায়ন করা হবে। গতকাল শনিবার রাঙামাটি জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সমেঞ্চলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন। রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোশাররফ হোসেন সমেঞ্চলনের উদ্বোধন করে বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে পার্বত্য চট্টগ্রাম ছিল অশান্ত। শেখ হাসিনার আন্তরিকতায় রক্তপাতহীন-ভাবে সে অশান্ত পরিস্থিতির অবসান ঘটেছে পার্বত্য চুক্তির মাধ্যমে। বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেন, বিএনপি যুদ্ধাপরাধীদের বাঁচাতে ষড়যন্ত্র করছে।