পার্বত্য চুক্তি বাস্তবায়ন সরকারের অগ্রাধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠায় শান্তিচুক্তি পূর্ণ বাস্তবায়নে সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার গণভবনে বান্দরবান জেলা ও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। তিনি যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু হওয়ায় মাঠপর্যায়ের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হবেই। কিন্তু একটি বিশেষ মহল তাদের রক্ষার চেষ্টা করছে। তাই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা জেলা পর্যায়ে উন্নয়ন ও দলের সাংগঠনিক বিষয় এবং এ ব্যাপারে দিকনির্দেশনা দিতে মতবিনিময়ের জন্য দলের বান্দরবানের নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি পর্যায়ক্রমে সব জেলার নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।প্রধানমন্ত্রী কয়েক ঘণ্টা ধরে বান্দরবানের দলীয় নেতাদের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিক বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক কাজী মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীপদ দাশসহ নির্বাহী কমিটির ১০১ জন, জেলার সাত উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।জানা গেছে, বান্দরবানের নেতারা দলীয় বিভিন্ন সমস্যা, নেতা-কর্মীদের মূল্যায়ন না হওয়া, বহিরাগত ভূমিদস্যুদের ভূমি দখলের কারণে আদিবাসীদের ভূমির নিরাপত্তাহীনতা, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি, শান্তিচুক্তি বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় খোলামেলাভাবে দলীয় সভানেত্রীর কাছে তুলে ধরেন। শেখ হাসিনা তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি শান্তিচুক্তি বাস্তবায়ন ও ভূমিবিরোধ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের আর্থ-সামাজিক উন্নয়নের বিষয় তদারকির জন্য জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে। তিনি বলেন, ‘আমরা এ কর্মসূচি থেকে পার্বত্য অঞ্চলের প্রতিটি মানুষের সুফল নিশ্চিত করতে চাই।’এ সময় সৈয়দা সাজেদা চৌধুরী, পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।