পার্বত্য চুক্তি বাস্তবায়নে আন্তরিকতা নিয়ে এগিয়ে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, যে আন্তরিকতা নিয়ে পার্বত্য চুক্তি করা হয়েছিল, সেই আন্তরিকতা নিয়ে তা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। গতকাল শুক্রবার রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাই, বৈসুক ও বিষু উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা উদ্বোধনের সময়ে তিনি এ কথা বলেন। উৎসব উপলক্ষে সন্তু লারমা প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্য ও দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানান।সন্তু লারমা বলেন, চুক্তির বাস্তবায়ন হলে পার্বত্য এলাকায় সাম্প্রদায়িক হামলা ও চুক্তিবিরোধী অপতৎপরতা চলত না। আমরা শান্তিপূর্ণ ও নিরাপত্তামূলক সহাবস্থান চাই। এ সময় আদিবাসীদের জীবনধারার উন্নয়নে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, বৃহত্তর বাঙালি সংস্কৃতির চাপে আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন দ্বন্দ্ব-সংঘাত ও অর্থনৈতিক কারণে আদিবাসীরা উৎসব উদ্যাপন করতে পারে না। বাঘাইহাট ও খাগড়াছড়ির সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করেন দেবাশীষ রায়। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং এর আগে একই ধরনের বিভিন্ন ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু-২০১০ উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমা। বক্তব্য দেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যান মিনতি চাকমা, অহমিয়া কল্যাণ সমিতির সভাপতি সুখময় রাভা, উৎসব উদ্যাপন কমিটির সমন্বয়ক সুকুমার দেওয়ান প্রমুখ।