পার্বত্য চুক্তি বাস্তবায়নে আস্থার পরিবেশ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য জনপদের ভৌগোলিক বৈশিষ্ট্য ও নৃতাত্ত্বিক বৈচিত্র্যের বিষয়টি মাথায় রেখে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দিকে নজর দিতে হবে। চুক্তি বাস্তবায়ন নিয়ে সন্দেহ-অবিশ্বাস দূর করে আস্থা ও আন্তরিকতার পরিবেশ তৈরিতে সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে নিবিড় আলোচনার ওপর জোর দিতে হবে।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৮তম বার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আদিবাসী-বিষয়ক সংসদীয় ককাস আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে নীতিনির্ধারণী সংলাপ’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়।
পাহাড়ে শান্তি বজায় রাখতে পার্বত্য চুক্তির অবাস্তবায়িত বিষয়গুলোর বাস্তবায়ন জরুরি বলে মত দেন বক্তারা। ভূমি বিরোধ নিষ্পত্তির ওপর জোর দেন তাঁরা।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বের প্রধান অতিথি বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, চুক্তির প্রধান শর্ত ছিল, পার্বত্য এলাকার মানুষের জাতিগত বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখা। এ শর্ত বাস্তবায়ন করা জরুরি। সম-অধিকার আন্দোলনের নামে পার্বত্য চুক্তিবিরোধীদের প্রসার ঘটছে বিএনপি-জামায়াতের উসকানি ও পৃষ্ঠপোষকতায়। তিনি বলেন, এখানে অভিমান বা হতাশার কোনো সুযোগ নেই। সরকার-জনসংহতি সমিতিসহ সংশ্লিষ্টদের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তোলা দরকার।
আলোচনা পর্বের প্রধান বক্তা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত পার্বত্য চুক্তিবিরোধীরাই রাষ্ট্রক্ষমতায় ছিল। বর্তমান সরকার সংবেদনশীল। সে কারণে আলোচনা করছে। আইন করতে খুঁটিনাটি বিষয় বিবেচনা দরকার। সরকার চুক্তি অক্ষরে অক্ষরে পালন করবে।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা বলেন, চুক্তির কিছু বাস্তবায়ন হয়েছে। যা হয়নি তার জন্য এত দীর্ঘ সময় লাগার কথা না। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন অধ্যাপক আবদুল্লাহ আল ফারুকী। বক্তব্য রাখেন সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা, সমন্বয়ক অধ্যাপক মেসবাহ কামাল, সাংসদ এ কে এম ফজলুল হক, কাজী রোজী, হাজেরা সুলতানা, নাজমুল হক প্রধান, টিপু সুলতান, খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জান্নাত-এ-ফেরদৌসী প্রমুখ।