পার্বত্য চুক্তি বাস্তবায়নে উদ্যোগ নেই: সন্তু লারমা
দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বর্তমান সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নে এখনো কোনো উদ্যোগ নেয়নি বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। তিনি বলেছেন, ‘চুক্তি বাস্তবায়নে গঠিত জাতীয় কমিটির আমি সদস্য। নতুন সরকার গঠিত হওয়ার পর এ কমিটি পুনর্গঠন করা হয়নি। কোনো উদ্যোগের কথাও আমার জানা নেই।’ এ কমিটি পুনর্গঠন ও এর বৈঠক অনুষ্ঠানের দাবি করেন তিনি।
রাজধানীর আসাদগেটে ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে গতকাল সোমবার আদিবাসী ফোরামের জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সন্তু লারমা এসব কথা বলেন।
আদিবাসী ফোরামের সভাপতি সন্তু লারমা বলেন, পাহাড়ে সামরিক কর্তৃত্ব এখনো বহাল আছে। পাহাড়ে প্রায় পাঁচ লাখ পুনর্বাসিত বাঙালিকে পাহাড়ের বাইরে সম্মানজনক পুনর্বাসনের প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া পার্বত্য চুক্তির সঙ্গে সম্পর্ক রেখে পার্বত্য ভূমি কমিশন আইনটি সংশোধন করা হয়নি।
সন্তু লারমা বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুটি দলই আদিবাসীদের অনৈক্য চায়। তিনি বলেন, নির্বাচন এলে মূলধারার রাজনৈতিক দলগুলো ভোটের জন্য আদিবাসীদের কাছে যায়, কিন্তু নির্বাচনের পর তারা তাদের দেওয়া প্রতিশ্রুতি ভুলে যায়।
আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা বলেন, পার্বত্য চুক্তির পর পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির কোনো গুণগত পরিবর্তন হয়নি। আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংয়ের সঞ্চালনায় সভায় দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসী জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা বক্তব্য দেন।