পার্বত্য চুক্তি বাস্তবায়নে জেএসএস আন্দোলনে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তি বাস্তবায়নে জনসংহতি সমিতি (জেএসএস) আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে। অধিকার নিয়ে বেঁচে থাকতে আর ভবিষ্যৎ জীবন সুন্দর করতে তরুণ সমাজকে এ আন্দোলনে অধিকতর সম্পৃক্ত হতে হবে।গতকাল শুক্রবার রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের মরিচ্যাবিল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জেএসএস আয়োজিত জনসমাবেশে সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা এসব কথা বলেন। জেএসএসের আন্দোলনের সিদ্ধান্ত নেওয়ার পর এটাই প্রথম জনসমাবেশ বলে সন্তু লারমা উল্লেখ করেন। তিনি বলেন, ‘চুক্তি স্বাক্ষরের সময় মনে হয়েছিল আমাদের আন্দোলন-সংগ্রাম সফল হয়েছে। কিন্তু ১৪ বছরেও চুক্তি বাস্তবায়িত না হওয়ায় আমাদের সে ভুল ভেঙে গেছে। এখন আবার আন্দোলনের মাধ্যমে সরকারকে চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে হবে।’সন্তু লারমা আরও বলেন, ‘আমি বিএনপির কথা বলব না, কারণ তারা চুক্তি মানে না। তারা চুক্তির বিরুদ্ধে লংমার্চ করেছে। কিন্তু আওয়ামী লীগ দেশে-বিদেশে চুক্তি বাস্তবায়নের কথা বলে পুরস্কারও পেয়েছে। বাস্তবে তারা চুক্তি বাস্তবায়নকে স্থবির করে রেখেছে।’ সন্তু লারমা বলেন, চুক্তির পর অনেক সরকার এসেছে। কিন্তু কোনো সরকারই চুক্তি বাস্তবায়নে কাজ করেনি। বরং চুক্তিবিরোধী কাজ করেছে। বিচারপতি লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে সন্তু লারমা বলেন, তারা সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফকে (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়ে রাজনৈতিক বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। আর সেনা-সমর্থিত ফখরুদ্দীনের সরকারের সময় সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ চেয়ারম্যান পদে বসানোসহ নানা সুবিধা দেওয়ার কথা বলে দলের স্বার্থান্বেষীদের দিয়ে জেএসএসের ওপর আঘাত করেছে। একই সময় জেএসএসের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারসহ অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল।পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী, সাধারণ প্রশাসন, আঞ্চলিক পরিষদ, পার্বত্য জেলা পরিষদের কর্তৃত্ব ও সমন্বয়হীনতার কথা উল্লেখ করে সন্তু লারমা বলেন, ‘অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়ে গেছে।’ ডেপুটি কমিশনাররা ব্রিটিশ আমলের ১৯০০ সালের ক্ষমতা ব্যবহার করতে চান। আর সেনাবাহিনী মনে করে, ‘অপারেশন উত্তরণে’ তাঁদের সবকিছু করার ক্ষমতা দেওয়া হয়েছে। এভাবে প্রশাসন চলতে পারে না। বিভিন্ন কর্তৃপক্ষের দাপটে জনগণ পিষ্ট হচ্ছে।জনসমাবেশে সভাপতিত্ব করেন বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয়গিরি চাকমা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় মৌজাপ্রধান অরুণময় চাকমা ও জেএসএস বালুখালী ইউনিয়নের সভাপতি শুভশংকর চাকমা।