পার্বত্য চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে আন্দোলন করতে হবে: সন্তু লারমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, সরকারের পার্বত্য চুক্তি বাস্তবায়নে অনীহার কারণে পার্বত্য ভূমি কমিশন চেয়ারম্যান একতরফাভাবে পার্বত্য চুক্তিবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ সুযোগে চলছে পাহাড়িদের ভূমি বেদখল। সরকার মুখে পার্বত্য চুক্তি বাস্তবায়নের কথা বললেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।গতকাল বৃহস্পতিবার রাঙামাটির লংগদু উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এই অভিযোগ করেন। পাঁচ বছরেরও বেশি সময় পর সন্তু লারমা লংগদু উপজেলায় জনসভায় বক্তব্য দেন বলে ছাত্র পরিষদের নেতা-কর্মীরা জানান। লংগদু উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিটু চাকমার সভাপতিত্বে সম্মেলনে সন্তু লারমা আরও বলেন, ‘আমরা অনেক রক্ত আর ত্যাগের বিনিময়ে পার্বত্য চুক্তি করেছি। এ চুক্তি বাস্তবায়নে অনেক সময় অপেক্ষা করেছি। আমরা বুঝতে পারছি, সরকারের কথায় বসে থাকলে চুক্তি বাস্তবায়ন হবে না। এবার নতুন করে চুক্তি বাস্তবায়নের আন্দোলন করতে হবে।সম্মেলনে আরও ্বক্তব্য দেন স্থানীয় গ্রামপ্রধান বিনয় কার্বারি, পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি উদয়ন ত্রিপুরা প্রমুখ। পরে পাহাড়ি ছাত্র পরিষদের কাউন্সিল শেষে বিটু চাকমাকে সভাপতি ও বিনয় সাধন চাকমাকে সাধারণ সম্পাদক করে পরিষদের এক বছর মেয়াদি লংগদু উপজেলা শাখা গঠন করা হয়।