পার্বত্য চুক্তি বাস্তবায়নে যৌথ সভা আজ
পার্বত্য চুক্তি বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে গত ১৭ বছরে প্রথমবারের মতো যৌথ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। পার্বত্য মন্ত্রণালয়ের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙামাটি প্রধান কার্যালয়ের সভাকক্ষে আজ বুধবার এ সভা অনুষ্ঠিত হবে।
পার্বত্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় কোনো আলোচ্যসূচি না থাকলেও পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে মূল আলোচনা অনুষ্ঠিত হবে। পার্বত্য চুক্তি স্বাক্ষরের ১৭ বছরে চুক্তির আলোকে গঠিত প্রতিষ্ঠানপ্রধানদের নিয়ে এটাই প্রথম যৌথ সভা। সভায় সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং। এতে প্রধান অতিথি থাকবেন সংসদ উপনেতা ও পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বেগম সাজেদা চৌধুরী ও বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। পার্বত্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী, রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে নির্বাচিত সাংসদ ও ৩৩৩ নম্বর আসনের নারী সাংসদও সভায় উপস্থিত থাকবেন। পার্বত্য মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) এ এস এম শাহেন রেজা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
এ সভা আয়োজনকে পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের আন্তরিকতার বহিঃপ্রকাশ বলে জানিয়েছেন পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা। জনসংহতি সমিতিও এ সভাকে ইতিবাচক বলে উল্লেখ করেছে। তবে সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা বলেন, সবকিছু নির্ভর করে সরকারের দৃষ্টিভঙ্গির ওপর। সরকার যদি ইতিবাচক দৃষ্টিতে দেখে, তাহলে অবশ্যই এই সভা থেকে চুক্তি বাস্তবায়নে একটি সম্মিলিত উদ্যোগ বেরিয়ে আসতে পারে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ২০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভার সিদ্ধান্ত অনুযায়ী পার্বত্য মন্ত্রণালয় এ সভার আয়োজন করেছে। ওই সভায় ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের ১৩টি ধারা সংশোধনের ব্যাপারে সরকার ও জনসংহতি সমিতির মধ্যে ঐকমত্য হয়। ওই সভায় পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক ও সংসদ উপনেতা বেগম সাজেদা চৌধুরীও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা বলেন, ২০ জানুয়ারির সভায় বেগম সাজেদা চৌধুরীর নেতৃত্বে ভূমি কমিশন আইন সংশোধনের বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানাতে একটি দল প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে সাজেদা চৌধুরী ব্যস্ত থাকায় তখন প্রধানমন্ত্রীর কাছে যাওয়া হয়নি। তবে তাঁকে (প্রধানমন্ত্রী) বিষয়টি অবহিত করা হয়েছে।