চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায় পার্বত্য চুক্তি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে হেডম্যানদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি হেডম্যানদের প্রশাসনিক দক্ষতা ও সক্ষমতা বাড়াতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন। গতকাল শনিবার রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে ‘হেডম্যান কার্যক্রমে সমস্যা চিহ্নিতকরণ ও উত্তরণ এবং রাজস্ব আদায়ে হেডম্যানদের উৎসাহিতকরণ ও দাপ্তরিক সক্ষমতা বৃদ্ধি’ বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজা দেবাশীষ রায় এ আহ্বান জানান। গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও ভূমি সমস্যা সমাধানে হেডম্যানদের সহযোগিতা চান। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতায় রাঙামাটি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশন দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। দেবাশীষ রায় আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হেডম্যানরা সরকারের পক্ষে রাজস্ব আদায় ছাড়াও সামাজিক শৃঙ্খলা রক্ষা ও বিচারিক কার্যক্রম পরিচালনা করেন। ফলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের চাপ অনেক কমে যায়। কিন্তু হেডম্যানরা সেভাবে সরকারি সুযোগ-সুবিধা পান না। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করে দেবাশীষ রায় বলেন, সরকারের রাজস্ব খাত থেকে হেডম্যানদের জনবল ও দাপ্তরিক সক্ষমতা বাড়ানো গেলে পার্বত্য চট্টগ্রামে রাজস্ব আয় বাড়বে। কর্মশালায় হেডম্যানরা দীর্ঘ আলোচনার পর ভূমির খাজনা আদায়ের হার পরিবর্তন করে প্রতি একর ভূমিতে প্রথম শ্রেণী তিন টাকা থেকে ৫০ টাকা, দ্বিতীয় শ্রেণী দুই টাকা থেকে ৪০ টাকা ও তৃতীয় শ্রেণী এক টাকা থেকে ৩০ টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করেন।রাঙামাটি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি চিং কিউ রোয়াজা বলেন, ১৯০০ সালে পার্বত্য চট্টগ্রামে ভূমির খাজনা নির্ধারণ করার পর এই প্রথম ভূমির খাজনার হারের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো। এ ছাড়া হেডম্যানদের স্থায়ী কার্যালয়সহ সুষ্ঠুভাবে প্রশাসন পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ও সাচিবিক সহায়তা প্রদান, হেডম্যানদের সংশ্লিষ্ট মৌজার হালনাগাদ মানচিত্র, জমাবন্দি রেজিস্টার ও ক্যাশ বই সরবরাহ, স্থায়ী বাসিন্দার সনদ প্রদানের ক্ষেত্রে পার্বত্য চুক্তিতে বর্ণিত নিয়ম যথাযথভাবে অনুসরণ, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে হেডম্যানদের মতামত নিয়ে প্রকল্প গ্রহণ, প্রতি মৌজায় বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বনায়নের প্রকল্প গ্রহণসহ ১১ দফা সুপারিশমালা গ্রহণ করা হয়। রাঙামাটি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুজিত দেওয়ানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ঊষাতন তালুকদার, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান খাগড়াছড়ি হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি শক্তিপদ ত্রিপুরা।