পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেছেন, সেনাবাহিনীর ২৩৮টি অস্থায়ী ক্যাম্প প্রত্যাহারসহ পার্বত্য চুক্তির অধিকাংশ বিষয় বাস্তবায়িত হয়েছে। চুক্তির ৭২টি ধারার মধ্যে ১৫টি আংশিক ও ৯টি অবাস্তবায়িত ধারা বাস্তবায়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। সরকার পার্বত্য চট্টগ্রামের সব সমস্যার সমাধান করবে। বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে পার্বত্য চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিনা মূল্যের চিকিৎসাশিবির উদ্বোধন এবং শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গতকাল শুক্রবার সকাল ১০টায় জেলা শহরের রাজার মাঠে সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন। এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবানের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হারুনুর রশিদ, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন উদয় শঙ্কর চাকমা, পৌরসভার মেয়র ইসলাম বেবী, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন হায়দার।
অনুষ্ঠানে এক হাজার দরিদ্র নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থীকে কাগজ, কলম, স্কেল, পেনসিল, জ্যামিতি বক্সসহ শিক্ষা উপকরণ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চুক্তির অবাস্তবায়িত বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলকে শান্তিপূর্ণ অঞ্চলে পরিণত করা হবে। তখন পার্বত্য চট্টগ্রাম দেশের সবচেয়ে সমৃদ্ধ এলাকা হবে।
এদিকে পার্বত্য চুক্তির ১৯তম বর্ষপূর্তি উদ্যাপন কমিটির উদ্যোগে গতকাল দুপুরে বান্দরবান শহরে বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উদ্যাপন কমিটির আহ্বায়ক থোয়াইংচ প্রু মাস্টার। প্রধান অতিথি ছিলেন মানবাধিকার নেত্রী ডনাইপ্রু নেলী মারমা। বিশেষ অতিথি ছিলেন রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা।
সভায় রুমা উপজেলার চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা অভিযোগ করেন, শোভাযাত্রায় অংশ নিতে আসা লোকজনকে জেলা শহরের প্রবেশমুখ কালাঘাটায় বাধা দেওয়া হয়েছে। তল্লাশির কথা বলে সেখানে বেশ কয়েকটি গাড়িও আটকে রাখা হয়। এসব কারণে শত শত লোক শোভাযাত্রায় অংশ নিতে পারেননি।
অভিযোগের বিষয়ে লে. কর্নেল গোলাম মহিউদ্দিন হায়দার গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কাউকে আটকে রাখার নির্দেশ দেওয়া হয়নি। নিরাপত্তার জন্য কিছু ব্যবস্থা নিতে বলা হয়েছে। গাড়ি আটকে রাখার বিষয়টির খোঁজ নেওয়া হচ্ছে।