পার্বত্য চুক্তি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত
পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চুক্তিটি বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিন সদস্যের ওই কমিটির আহ্বায়ক ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে সংসদ ভবনের নিজস্ব কার্যালয়ে বসে প্রথম আলোর প্রশ্নের জবাবে সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ‘সরকার ও জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে চুক্তি বাস্তবায়নের বিষয়ে কোনো মতভিন্নতা নেই। আমরা একই লক্ষ্যে পৌঁছাতে চাই। সেই উদ্দেশ্যে আলাপ-আলোচনার মাধ্যমে আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি।’কমিটির আরেক সদস্য, জেএসএসের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চুক্তি বাস্তবায়নের যে সিদ্ধান্ত কমিটি নিয়েছে, তা বাস্তবায়নে কার্যক্রম দৃশ্যমান হতে হবে।সভায় ছিলেন কমিটির অপর সদস্য খাগড়াছড়ির সাংসদ এবং ভারত-প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন ও অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসনসংক্রান্ত টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্রলাল ত্রিপুরা। এ ছাড়া কমিটির বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী উপস্থিত ছিলেন।গতকালের সভায় পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইন সংশোধনের বিষয়ে কমিটির মতামত চূড়ান্ত করা হয়েছে। এখন তা ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে বিল আকারে এটি সংসদে উত্থাপিত হবে। সংসদের চলতি বাজেট অধিবেশনে এই বিল উত্থাপিত হবে কি না, জানতে চাইলে সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, জেএসএস সেটাই চায়। তবে এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন।পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনটি প্রণীত হয় ২০০০ সালে। প্রণয়নের পর থেকেই এ আইনের সঙ্গে পার্বত্য চুক্তির বিরোধাত্মক ধারাগুলো চিহ্নিত করে জেএসএস তা সংশোধনের দাবি করে আসছে। তখন থেকে প্রতিটি সরকারও এর সঙ্গে একমত পোষণ করেছে। কিন্তু সেই আইন সংশোধন এখনো হয়নি।এ অবস্থায় সরকারের গঠিত পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের বর্তমান চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বিদ্যমান আইনেই ভূমিবিরোধ নিষ্পত্তির নানা উদ্যোগ নিচ্ছেন। এ নিয়ে পার্বত্য চট্টগ্রামের সব পর্যায়ের জনগণের সঙ্গে ভূমি কমিশনের একটি বিরোধ সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে চুক্তি বাস্তবায়ন কমিটি বা সরকারের যথাযথ কর্তৃপক্ষ ভূমি কমিশনকে কোনো নির্দেশনা দেবে কি না, জানতে চাইলে সাজেদা চৌধুরী বলেন, এ ব্যাপারেও তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকালের সভায় সন্তু লারমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নিষিদ্ধ করার দাবি পুনর্ব্যক্ত করেন। বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমানে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রম এমন পর্যায়ে পৌঁছেছে যে ভূমিবিরোধ নিষ্পত্তির চেয়েও বেশি জরুরি হয়ে পড়েছে সংগঠনটি নিষিদ্ধ করা।সন্তু লারমা বলেন, ইউপিডিএফ নিষিদ্ধ ঘোষণা এবং চুক্তি বাস্তবায়নের দৃশ্যমান কার্যক্রম শুরু করা না হলে অল্প দিনের মধ্যেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি বিপজ্জনক মোড় নিতে পারে। তিনি কয়েক দিন আগে রাস্তায় দাঁড়ানো মানুষের ওপর গ্রেনেড নিক্ষেপের ঘটনা উল্লেখ করে বলেন, পার্বত্য জনগণ এ ধরনের ঘটনায় খুবই শঙ্কিত।পার্বত্য চুক্তি বাস্তবায়নের কার্যক্রম দীর্ঘদিন একেবারে থেমে থাকার পর গত জানুয়ারি মাসে গওহর রিজভী রাঙামাটি গিয়ে সন্তু লারমার সঙ্গে আলোচনা করেন। এর ধারাবাহিকতায় গত ১৬ জানুয়ারি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সন্তু লারমার বৈঠক হয়। এরপর গত ২০ জানুয়ারি এবং গতকাল চুক্তি বাস্তবায়ন কমিটির দুটি সভা অনুষ্ঠিত হলো।