পার্বত্য চুক্তি বাস্তবায়নে সহযোগিতার ঘোষণা ইউপিডিএফের
পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারকে পূর্ণ সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি স্বাক্ষরের পর থেকে ইউপিডিএফ এ চুক্তির বিরোধিতা করে আসছিল।ইউপিডিএফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবিশংকর চাকমা গতকাল বুধবার এক বিবৃতিতে বলেন, একশ্রেণীর স্বার্থান্বেষী গোষ্ঠী দীর্ঘদিন ধরে ‘পার্বত্য চুক্তি’ সম্পর্কে ইউপিডিএফের অবস্থান ভুলভাবে উপস্থাপন করে আসছে; ফলে এতে অনেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।চুক্তির ব্যাপারে তাঁর সংগঠনের বর্তমান অবস্থান ব্যাখ্যা করে রবিশংকর চাকমা আরও বলেন, ‘আমাদের দলের দিক থেকে পার্বত্য চুক্তির যথাযথ সমালোচনা করে তার অন্তর্নিহিত দুর্বল দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এবং এ চুক্তিতে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না বলে অভিমত ব্যক্ত করা হয়েছে, যা পার্টি এখনো বিশ্বাস করে। তবে সমালোচনা সত্ত্বেও এ চুক্তি বাস্তবায়নের পথে দল কোনো দিন বাধা হয়ে দাঁড়ায়নি।’রবিশংকর চাকমা বলেন, সরকার চুক্তি বাস্তবায়ন করে প্রমাণ করুক যে পার্বত্য চুক্তির মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ইউপিডিএফ সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। বিবৃতিতে তিনি সরকারের সমালোচনা করে বলেন, নিজেদের স্বাক্ষরিত ‘পার্বত্য চুক্তি’ বাস্তবায়নের ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার অতীতেও আন্তরিক ছিল না, বর্তমানেও আন্তরিক নয়; বরং সরকার বিভিন্ন সময় চুক্তির শর্ত লঙ্ঘন করেছে।পার্বত্য এলাকায় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে গতকাল বিবৃতিটি ইউপিডিএফের পক্ষ থেকে প্রচার করা হয়েছে।