পার্বত্য চুক্তি বাস্তবায়নে 'রোডম্যাপের' দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম চুক্তির সব ধারা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও আদিবাসী নেতারা। কত দিনের মধ্যে চুক্তির ধারাগুলো বাস্তবায়ন করা হবে, তার একটি ‘রোডম্যাপ’ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
গতকাল বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আদিবাসী ফোরাম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি ও সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে বক্তারা এসব দাবি জানান।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের ভূমি কমিশন গঠনের দাবিতে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, আগে আদিবাসীদের ভূমি বিএনপি-জামায়াত দখল করত। এখন ওই এলাকায় নতুন জামায়াত-বিএনপি হয়েছে আওয়ামী লীগের স্থানীয় নেতারা। শুধু তারাই নয়, অনেক মন্ত্রী-সাংসদও আদিবাসীদের ভূমি দখল করছেন। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে আর বিলম্ব করবেন না। ভুল অঙ্ক শেখাবেন না। অতি দ্রুত সন্তু লারমার সঙ্গে বৈঠক করুন। কত দিনের মধ্যে চুক্তির ধারাগুলো বাস্তবায়ন করবেন, সেই রোডম্যাপ দিন।’
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, আদিবাসীদের জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়েছে। কিন্তু চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি। আদিবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘পার্বত্য চুক্তির কতটুকু বাস্তবায়ন হয়েছে, সেটা শুনতে চাই না। আমরা চুক্তির ষোলোআনা বাস্তবায়ন চাই।’