পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি নাগরিক কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছে এবং শাহবাগ গণজাগরণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। এ আন্দোলনের মাধ্যমে দেশে শোষণ ও বঞ্চনাহীন সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্র প্রসারিত হবে বলে কমিটি আশাবাদ ব্যক্ত করে। গতকাল বুধবার রাঙামাটির স্থানীয় একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ অভিমত ব্যক্ত করা হয়। সভার শুরুতে ‘পার্বত্য চুক্তি: বর্তমান অবস্থা’ শীর্ষক মূল ধারণাপত্র উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সদস্য ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান। ধারণাপত্রে আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাঙামাটি আগমনকে স্বাগত জানিয়ে পার্বত্য সমস্যা সমাধানে চুক্তি বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়।ধারণাপত্রে বলা হয়, সরকার পার্বত্য চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টির পূর্ণ বাস্তবায়নের কথা বললেও বাস্তবে চুক্তির মৌলিক বিষয়গুলো এখানো বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকারের চার বছরে শুধু যুব কল্যাণ বিভাগ এবং বিভিন্ন বিভাগের আটটি কর্ম হস্তান্তর করা হয়েছে। কিন্তু জেলা আইনশৃঙ্খলার তত্ত্বাবধান, ভূমি ও ভূমির ব্যবস্থাপনা, স্থানীয় পুলিশ, মাধ্যমিক শিক্ষা এবং বন ও পরিবেশের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলো হস্তান্তর করা হয়নি।নাগরিক কমটির অভিযোগ, পার্বত্য চট্টগ্রামের প্রধান সমস্যা ভূমি। কিন্তু সরকার ভূমি সমস্যা সমাধানে বাস্তবসম্মত কোনো উদ্যোগ গ্রহণ করছে না। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের ১৩টি ধারা সংশোধনে সরকারের সঙ্গে জনসংহতি সমিতির মতৈক্য হলেও তা জাতীয় সংসদে পাস করা হচ্ছে না। এ ছাড়া ৯০ হাজারের বেশি উদ্বাস্তু পরিবারকে পুনর্বাসন করা এবং ভারত থেকে ফিরে আসা নয় হাজার ৭৮০ পরিবারের জায়গা-জমি ফেরত না পাওয়ার অভিযোগ করা হয়। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদের কার্যবিধিমালা প্রণীত না হওয়ায় এসব প্রতিষ্ঠানকে অকার্যকর করে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদকে কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন, বিধান পরিবর্তন ও সংশোধনের দাবি জানানো হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়িত হলে এ এলাকায় বসবাসরত সব জাতিগোষ্ঠী উপকৃত হবে। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাঙামাটি জেলা নাগরিক কমিটির সভাপতি মংসানু চৌধুরী ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান।