পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে ১১৫ কি.মি. সড়কে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও সংবিধানে অবাঙালিদের বাঙালি পরিচয় সংশোধনের দাবিতে ১১৫ কিলোমিটার সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা)। গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুদুকছড়া থেকে রাঙামাটি সদর উপজেলার চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মানিকছড়ি পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বেলা দুইটা থেকে প্রায় দেড় ঘণ্টা স্থায়ী এ কর্মসূচিতে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে কয়েক হাজার নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিক্ষার্থী অংশ নেন। রাঙামাটি সদর উপজেলার কুতুবছড়িতে মানববন্ধনে অংশ নেওয়া আদিবাসী গৃহবধূ অঞ্জলি চাকমা (৩৫) বলেন, ‘পার্বত্য চুক্তি বাস্তবায়ন আমাদের স্বপ্ন। সরকার সে স্বপ্ন ভেঙে দিয়ে বেইমানি করেছে।’ জনসংহতি সমিতির রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুদীর্ঘ চাকমা বলেন, মানববন্ধনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বলে দেয়, পার্বত্যবাসী শান্তি ও উন্নতির জন্য পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়।সংবাদ সম্মেলন: এদিকে গতকাল বেলা ১১টায় খাগড়াছড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেছেন, সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নে আন্তরিক নয়। পার্বত্য চুক্তির ১৪তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির কো-চেয়ারপারসন রূপায়ন দেওয়ান এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অপর কো-চেয়ারপারসন সুধাসিন্ধু খীসা।লিখিত বক্তব্যে বলা হয়, পার্বত্য চুক্তি বাস্তবায়ন-প্রক্রিয়া বর্তমান সরকারের আমলে সম্পূর্ণ বন্ধ রয়েছে। অপরদিকে সরকার বাংলাদেশে আদিবাসী নেই ঘোষণা করে আদিবাসীদের সঙ্গে প্রতারণা করেছে। সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আদিবাসীদের ‘উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী, সম্প্রদায়’ হিসেবে অভিহিত করা হয়েছে। এক প্রশ্নের জবাবে সুধাসিন্ধু খীসা বলেন, তাঁর দল চুক্তি বাস্তবায়নের দাবিতে গণতান্ত্রিক পন্থায় আন্দোলন চালিয়ে যাবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব তাতিন্দ্র লাল চাকমা, মহালছড়ি উপজেলার নারী ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সদস্য কাকলী খীসা, বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, দীঘিনালা উপজেলার চেয়ারম্যান ধর্মবীর চাকমা, মহালছড়ি উপজেলার চেয়ারম্যান সোনারতন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি সভাপতি সুনয় ত্রিপুরা প্রমুখ।