পার্বত্য চুক্তি বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তির ১৮তম বার্ষিকীতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, এই চুক্তি বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের। তাঁরা বলেন, সরকার বলছে পার্বত্য চুক্তির অধিকাংশ ধারা তারা বাস্তবায়ন করেছে। কিন্তু পাহাড়ি জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় চুক্তির প্রধান ও মৌলিক বিষয়গুলো আজও বাস্তবায়িত হয়নি। মূলধারা যদি অবাস্তবায়িত থেকে যায়, তাহলে গৌণ ধারাগুলো বাস্তবায়নের কোনো মূল্য থাকে না। আসলে চুক্তির পূর্ণ বাস্তবায়নের ক্ষেত্রে সংখ্যা দিয়ে মিথ্যাচার করছে সরকার।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৮তম বার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন: একটি জাতীয় অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মেলনকক্ষে জাতীয় নাগরিক উদ্যোগ নামের একটি সংগঠন সভাটি আয়োজন করে। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়।
সভায় নাগরিক উদ্যোগের আহ্বায়ক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ সভাপতির বক্তব্যে বলেন, এই চুক্তি করেছে রাজনৈতিক নেতৃত্ব; কিন্তু তা বাস্তবায়নের দায়িত্ব জনবিচ্ছিন্ন আমলাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তাঁরা দূরে থাকতে পারেন না। এ দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বকেই নিতে হবে।
চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও সাংসদ ঊষাতন তালুকদার। তিনি বলেন, ‘আজ (গতকাল) চুক্তির ১৮তম বার্ষিকীতে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত ক্রোড়পত্রে চুক্তির ৭২টি ধারা পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি করা হয়েছে। অথচ ভূমি অধিকারসহ চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত না হওয়ার কারণে সেখানে বিশেষ শাসনব্যবস্থা গড়ে ওঠেনি। সেখানে এখনো সেনা কর্তৃত্ব রয়েছে। আঞ্চলিক পরিষদের জন্য যে জায়গা অধিগ্রহণ করা হয়েছিল, তা-ও বেদখল হয়ে যাচ্ছে। জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদের কোনো কার্যক্রম সেখানে নেই।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম তাঁর বক্তব্যে বলেন, এই চুক্তির মূল কথা বা সারবস্তু ছিল পাহাড়ি জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করা। এটা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি থাকা উচিত নয়।
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘বাঙালি শাসকগোষ্ঠীও উপনিবেশবাদী। তাই তাঁরা পার্বত্য চট্টগ্রামকে একটি উপনিবেশ হিসেবে দেখতে চায়। ১৮ বছর ধরেও একই ধারা চলে এসেছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল বলেন, সাহস করে যে সরকার এই চুক্তি করেছিল, সেই সরকার দায়বদ্ধতা নিয়ে চুক্তি বাস্তবায়ন করেনি।
সভায় স্বাগত বক্তব্য দেন আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মেদ খান। নাগরিক উদ্যোগের পক্ষে দাবিনামা উপস্থাপন করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক মোজাম্মেল হোসেন।