পার্বত্য চুক্তি বাস্তবায়নের নামে ১৬ বছর ধরে জুম্ম জনগণের সঙ্গে একধরনের প্রতারণা করা হয়েছে। এর ফলে ওই অঞ্চলে আরেকটি সশস্ত্র সংগ্রাম গড়ে ওঠার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
‘নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় উপস্থাপিত লিখিত বক্তব্যে এ মন্তব্য করেছেন আদিবাসী সংগঠক দীপায়ন খীসা। গতকাল শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে পার্বত্য চুক্তির ষোড়শ বর্ষপূর্তি উপলক্ষে এ সভার আয়ে াজন করা হয়।
লিখিত বক্তব্যে দীপায়ন খীসা বলেন, সরকার বলছে, চুক্তির ৮০ শতাংশ বাস্তবায়ন করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা। চুক্তিটি চার খণ্ডের একটি দলিল। এর বাস্তবায়ন শতাংশের হিসাবে বিবেচনা করা সম্ভব নয়। আর চুক্তির প্রধান শর্ত ভূমি কমিশন আইনই সরকার এখনো বাস্তবায়ন করতে পারেনি।
সভায় জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নের শতাংশ হিসাব না করে যাঁদের জন্য এই চুক্তি, তাঁদের মতামত সরকারের গ্রহণ করা উচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৌরভ সিকদার বলেন, ১৯০১ সালে পার্বত্য চট্টগ্রামে মুসলিম বাঙালির সংখ্যা ছিল ৫ শতাংশ। ২০১১ সালের জরিপ অনুযায়ী ওই সংখ্যা ৫১ দশমিক ৪ শতাংশ। ধারণা করা যায়, আর ১০-১৫ বছর পর সমতলের গারোদের মতো পার্বত্য চট্টগ্রামেও আদিবাসীদের খুঁজে পাওয়া দুষ্কর হবে।
প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, সরকার দাবি করে, চুক্তি বাস্তবায়নে তারা আন্তরিক। কিন্তু বাস্তবে তা চোখে পড়ে না। পাহাড়িদের অধিকার আদায়ে সচেষ্ট ও ক্রমাগত আন্দোলনের আহ্বান জানান তিনি।
আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, পার্বত্য চট্টগ্রামে আদিবাসীরা সম্পদ হারাচ্ছেন। অস্তিত্ব টিকিয়ে রাখা মুশকিল হচ্ছে। সংবিধানে একবার উপজাতি, একবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, একবার বাংলাদেশি অভিহিত করে তাঁদের পরিচয়ের অধিকার হরণ করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন শামসুল হুদা, সেলিম সামাদ প্রমুখ। সভার শুরুতে প্রয়াত নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে শোক প্রকাশের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় গণসংগীত পরিবেশন করেন মিথিলা চাকমা।
এর আগে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাজের মানববন্ধনে সংহতি প্রকাশ করেন অনেকে। সেখানে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ১৬ বছরেও চুক্তি বাস্তবায়িত হয়নি। নতুন সরকার এসে এ বিষয়ে কী পদক্ষেপ নেবে, তা নিয়েও সন্দেহ আছে।