এম এন লারমার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
পার্বত্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার আহ্বান
পার্বত্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে এম এন লারমার স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার আহ্বান জানালেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি শিল্পকলা একাডেমি মিলনায়তনে এম এন লারমার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সন্তু লারমা এ আহ্বান জানান।
এম এন লারমা ফাউন্ডেশন ও এম এন লারমা স্মৃতি পাঠাগার যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। এম এন লারমা নামে বহুল পরিচিত মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৯৩ সালের ১০ নভেম্বর জনসংহতি সমিতির কয়েকজন বিপথগামী সদস্যের হামলায় আটজন সহকর্মীসহ নিহত হন। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
এম এন লারমা ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি সন্তু লারমা বলেন, এম এন লারমা ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। তিনি তাঁর জীবনদর্শন মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন।
সভায় বক্তারা বলেন, এম এন লারমা শুধু পার্বত্য চট্টগ্রামের নেতা ছিলেন না। তিনি শ্রমিকসহ সব মানুষের অধিকার নিয়ে কথা বলেছিলেন। এম এন লারমাকে শুধু এক দিন স্মরণ করলে হবে না। প্রতিদিন তাঁর আদর্শকে ধারণ করে চলতে হবে। তাঁর মতো সমাজ সংস্কার, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল ভাবধারা লালন করতে হবে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মাধবী লতা চাকমা, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, এম এন লারমার সহপাঠী রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ভূপেন্দ্র নাথ চাকমা, বিএম ইনস্টিটিউটের বাংলা বিভাগের শিক্ষক আনন্দ জ্যোতি চাকমা, এম এন লারমা স্মৃতি পাঠাগারের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন এম এন লারমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মঙ্গল কুমার চাকমা।