পার্বত্য চুক্তি বাস্তবায়নের সময়সূচি ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তি বাস্তবায়নের সময়সূচি ঘোষণার দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতারা। দাবি আদায় না হলে তীব্র আন্দোলন শুরু করা হবে বলেও তাঁরা জানান।গতকাল রোববার পাহাড়ি ছাত্র পরিষদ লংগদু উপজেলা শাখার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতারা এসব কথা বলেন। লংগদু বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ছাত্র পরিষদের স্থানীয় উপজেলা শাখার সভাপতি বিটু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য ঊষাতন তালুকদার বলেন, ‘আমরা দীর্ঘ ১৪ বছর সরকারের প্রতি আস্থা রেখে চুক্তি বাস্তবায়নের অপেক্ষায় ছিলাম। এখন আর অপেক্ষা নয়, চুক্তির বাস্তবায়ন কার্যক্রম দেখতে চাই।’ চুক্তিবিরোধী ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, নীতি-আদর্শহীন এ সংগঠন চুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টি ছাড়া আর কিছুই করছে না। সরকারের একটি বিশেষ মহলের ছত্রচ্ছায়ায় এ সংগঠন পরিচালিত হচ্ছে।বিশেষ অতিথির বক্তব্যে জনসংহতি সমিতির রাঙামাটি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক শরৎ জ্যোতি চাকমা বলেন, ‘পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করলে বলে দেন। তারপর আমরা কী করতে পারি, তা দেখাব।’ এ সময় আরও বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় সদস্য সমীচীন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ফদাংতাং রান্ডাল প্রমুখ। পরে সোমেশ চাকমাকে সভাপতি, বিনয় সাধন চাকমাকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদি ১৭ সদস্যের পাহাড়ি ছাত্র পরিষদ লংগদু উপজেলা শাখা গঠন করা হয়।