রাঙামাটিতে সন্তু লারমা
পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হলে আদিবাসী নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে না
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হলে আদিবাসী নারীদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত হবে না।গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটি শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক আলোচনা সভায় সন্তু লারমা এসব কথা বলেন। ‘পার্বত্য নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদার করুন’ স্লোগান সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন যৌথভাবে এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মহিলা সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য মাধবী লতা চাকমা। আলোচনা সভায় সন্তু লারমা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের ১৪টি আদিবাসী জাতিগোষ্ঠীর অস্তিত্ব এখন বিলুপ্তপ্রায়। নারীদের অবস্থা আরও শোচনীয়। এ অবস্থার উত্তরণ ঘটাতে হলে জাতীয়তাবাদী প্রগতিশীল চিন্তাধারা নিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।