পার্বত্য চুক্তিবিরোধী ফ্রন্টের অবরোধ পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি ও খাগড়াছড়িতে ইউপিডিএফের ডাকা সড়ক ও নৌপথ অবরোধের দ্বিতীয় ও শেষ দিন গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে ‘সংখ্যালঘু জাতিসত্তার স্বীকৃতি না দেওয়া এবং বাঙালি জাতীয়তা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে’ পার্বত্য চুক্তিবিরোধী ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) গত বুধবার ভোর ছয়টা থেকে রাঙামাটি ও খাগড়াছড়িতে ৩৬ ঘণ্টা এবং বান্দরবানে শুধু বুধবার সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দেয়।রাঙামাটি: গতকাল জেলার সব জায়গায় শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। রাঙামাটি শহর ও কাপ্তাইয়ে অল্প কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে। অবরোধ শেষে সন্ধ্যার দিকে জেলা শহর থেকে সাত কিলোমিটার দূরে সাপছড়ি ইউনিয়নের মানিকছড়িতে ইউপিডিএফের রাঙামাটি জেলা ইউনিট এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের সংখ্যালঘু জাতিসত্তাগুলোর অস্তিত্ব চিরতরে ধ্বংস করতে বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। তাঁরা সাংবিধানিক স্বীকৃতি আদায় এবং বাঙালি জাতীয়তার পরিচয় তুলে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন। বক্তব্য দেন জেলা ইউনিটের সমন্বয়কারী অলকেশ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি বিলাস চাকমা, দপ্তর সম্পাদক তাপুমণি চাকমা প্রমুখ।খাগড়াছড়ি: খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচির শেষ দিনটি ছিল শান্তিপূর্ণ। শহরে কিছু রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চললেও অন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে আটটার দিকে খাগড়াছড়ি সদরের মহাজনপাড়ায় ইউপিডিএফের কর্মীরা রিকশা চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। শহরের মধুপুর ও উপজেলা সদরের সাংস্কৃতিক ইনস্টিটিউটের সামনে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে।জেলা পুলিশ সুপার (এসপি) আবু কালাম সিদ্দিক বলেন, অবরোধের দ্বিতীয় দিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।এক বিবৃতিতে ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা উজ্জ্বল স্মৃতি চাকমা বলেন, বাংলাদেশে বহু জাতি ও ভাষাভাষী লোকের বসবাস। তাদের প্রত্যেকের নিজ নিজ জাতীয় পরিচয়, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে বসবাসের অধিকার আছে। এক জাতির রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। তিনি বলেন, ‘পাহাড়ি ও বাঙালিদের মধ্যে যোগাযোগ ও আদান-প্রদানের ইতিহাস বহু শতাব্দীর পুরোনো। কাজেই সাংবিধানিকভাবে জোর করে পাহাড়িদের বাঙালি জাতির মধ্যে বিলীন করার মাধ্যমে সরকারের চরম অগণতান্ত্রিক ও ফ্যাসিস্ট চরিত্রই ফুটে উঠেছে।