পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, পার্বত্য চুক্তির আলোকে সরকার পার্বত্য চট্টগ্রামে পার্বত্য জেলা পরিষদ ও স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে সংরক্ষিত বন রক্ষার উদ্যোগ নিয়েছে। সেখানে কারিগরি সহায়তা দেবে সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়। গতকাল শনিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আয়োজিত ‘পরিবেশবিষয়ক চাহিদা নিরূপণ’ শীর্ষক কর্মশালার সমাপনী অধিবেশনে হাছান মাহমুদ এসব কথা বলেন।প্রতিমন্ত্রী আরও বলেন, বনের ব্যবস্থাপনায় যদি স্থানীয় মানুষকে সম্পৃক্ত করা না যায় তাহলে বন রক্ষা করা যাবে না। বর্তমান সরকার সাধারণ মানুষের সম্পৃক্ততার মাধ্যমে বন রক্ষার উদ্যোগ নিয়েছে। বন ও পরিবেশ রক্ষা এবং বর্জ্য ব্যবস্থাপনায় সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। জেলা পরিষদ সম্মেলন কক্ষে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, কেবল সরকার এককভাবে পরিবেশের উন্নয়ন করতে পারবে না। সরকারি-বেসরকারি সব পক্ষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে পরিবেশ ভারসাম্য রক্ষার উদ্যোগ নিতে হবে।সকালে কর্মশালার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। তিনি বলেন, ‘প্রকৃতিকে যুগ যুগ ধরে নিষ্ঠুরভাবে লুণ্ঠন করা হয়েছে। এখন আমাদের দায়িত্ব পরিবেশকে নতুন করে গঠন করা।’