পার্বত্য চুক্তির আলোকে হতে হবে সেখানকার উন্নয়ন
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম হতে হবে ১৯৯৭ সালে স্বাক্ষরিত চুক্তির আলোকে। ওই চুক্তি সই করা হয়েছিল দেশের মধ্যে বৈচিত্র্য এবং বহুত্ববাদকে স্বীকৃতি দিয়ে একটি উন্নত ও গণতান্ত্রিক সমাজ গঠনের লক্ষ্যে।
গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় গওহর রিজভী এ কথা বলেন। বিআইআইএসএস কার্যালয়ে অনুষ্ঠিত ‘পার্বত্য চট্টগ্রামের মানুষ ও তাদের উন্নয়ন চাহিদা’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমদ।
সেমিনারে গওহর রিজভী বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক জাতি গঠনের সন্ধিক্ষণে রয়েছে। দেশের মধ্যে সব বৈচিত্র্য ও বহুত্ববাদকে ধারণ করা না গেলে গণতান্ত্রিক সমাজ গড়া সম্ভব নয়, এ কথা সবাইকেই অনুধাবন করতে হবে। কাজেও তার প্রতিফলন ঘটাতে হবে।
সেমিনারে দুটি নিবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা ও জাতীয় তথ্য কমিশনের সদস্য খুরশিদা বেগম সাঈদ। সচিবের উপস্থাপনায় পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সরকারের পরিকল্পনা, বাস্তবায়ন পরিস্থিতি, লক্ষ্য প্রভৃতি বিষয়ে তথ্যসমৃদ্ধ আলোচনা ছিল।
ঠিক এর বিপরীত ছিল তথ্য কমিশনের সদস্যের উপস্থাপনা। আলোচ্য বিষয়ের আলোকপাত তাতে প্রায় ছিলই না। তাতে প্রধানত ছিল আদিবাসী-অনাদিবাসী ইস্যু, মুক্তিযুদ্ধে রাজা ত্রিদিব রায় থেকে এম এন লারমাসহ জুম্ম জনগোষ্ঠীর ভূমিকার সমালোচনা। তিনি এ কথাও বলেছেন, দেশে এখন একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার চলছে। সেই প্রক্রিয়ায় তখনকার পার্বত্য চট্টগ্রামের নেতাদের ভূমিকাও মিলিয়ে দেখতে হবে।
তথ্য কমিশনারের এসব বক্তব্য নিয়ে সেমিনারে বিতর্ক সৃষ্টি হয়। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামালসহ সেমিনারে উপস্থিত কয়েকজন তাঁর বক্তব্যের তীব্র সমালোচনা করে বক্তব্য দেন।
সেমিনারে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-আর রশিদ বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রধান সমস্যা হচ্ছে ভূমি। এ সমস্যার সমাধান না হলে কোনো উন্নয়নকাজই অর্থবহ হবে না।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) জহিরুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষকে উন্নয়ন কর্মকাণ্ডের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যুক্ত করতে হবে। তা না হলে আস্থা তৈরি হবে না।
মেজবাহ কামাল বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কার দ্বারা ও কার জন্য তা নির্ধারণের পাশাপাশি সেখানকার স্থানীয় সরকারের কাঠামোগুলো কার্যকর করতে হবে। উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে তাদের মাধ্যমে।
গৌতম কুমার চাকমা বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে সব উন্নয়নকাজের ভিত্তি হতে হবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি।
মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ ও বর্তমান চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসালাম প্রমুখ সেমিনারে বক্তব্য দেন।